স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ জানুয়ারি :পাহাড় সমতল সর্বত্রই পকেট ভারির প্রতিযোগিতা চলছে। জনগণের স্বার্থে কোন কাজ শুরু হলে আগে সেই কাজের মোট বরাদ্দ থেকে পারসেন্টেজ অনুযায়ী অর্থ দিতে হয় স্থানীয় রাষ্ট্রবাদী এবং আঞ্চলিক দলের ভক্তদের। না হলে কায়দা কৌশল করে উন্নয়নের বুলি উত্তরায়। এগুলি গত কয়েক বছর ধরেই দেখে অভ্যস্ত জনগণ।
বিগত দিন থেকে রাজ্য যেভাবে চলে আসছিল সেভাবেই চলছে বর্তমান। এবার ব্রিজ নির্মাণে শাসক দল বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের বাঁধার অভিযোগ তুলল সরকারে থাকা জনজাতি দরদী শরিক দল। ঘটনা সিমনার ধনিয়াভাঙ্গা এলাকায়।মোহনপুর মহকুমাধীন ১ নং সিমনা বিধানসভার ধনিয়াভাঙ্গা এলাকায় সম্প্রতি একটি ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু কাজ শুরুর কিছু দিন বাদেই মুখে কাপড় বেঁধে উষা বাজার থেকে ৫ টি বাইক দিয়ে ১০-১২ জন দুষ্কৃতী ব্রিজ নির্মাণ স্থলে গিয়ে মোটা অংকের টাকা দাবি করেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন সাইড ম্যানেজারকে। তখন দুষ্কৃতীরা নিজদের শাসক দল বিজেপি ও আই পি এফ টি-র সমর্থক বলে দাবি করেন বলে অভিযোগ। তারাও নাকি একাধিক বার ফোনে কাজের জন্য বিশাল অংকের টাকা দাবি করেন সাইড ম্যানেজারের নিকট। গোটা ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান স্থানীয় ভি.সি চেয়ারম্যান। তিনি বলেন, উন্নয়ন মূলক কাজ হচ্ছে এতে বাঁধা দেওয়া উচিত না।
গোটা ঘটনায় আতঙ্কিত সাইড ম্যানেজার। এখন দেখার এই উন্নয়ন মূলক কাজ করাতে দপ্তর এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এই সকল দুষ্কৃতীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে।তবে এলাকায় কান পাতলে শোনা যায় ভাগ বাটোয়ারা নিয়ে দুই দলের মধ্যেই চলছে ব্যাপক ঝামেলা। যার কারণে জনগণের স্বার্থে উন্নয়নমূলক কাজে ব্যাঘাত ঘটছে। ক্যামেরার সামনে এবং ক্যামেরার আড়ালে নিজেদের অতি সাধু বলে দাবি করছে সরকারে থাকা দু-একটি রাজনৈতিক দলের মুখোশধারীরা। এমনটাই সমালোচনার ঝড় এলাকায় সচেতন নাগরিক মহলের মধ্যে।

