স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ জানুয়ারি : গত বৃহস্পতিবার রাজধানীর রামনগর নিবেদিতা ক্লাব সংলগ্ন এলাকায় আক্রান্ত হয়েছেন এক রিকশা চালক। তিনি আক্রান্ত হওয়ার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল এবং তার শাখা সংগঠন বিষয়টিকে অন্য পথে উস্কানি দিয়ে মাইলেজ নেওয়ার চেষ্টা করছে। আক্রান্ত রিকশা চালকের নাম দিদার হোসেন। বয়স ৬০। অভিযোগ তিনি বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার সময় নাম গোত্রহীন একদল দুষ্কৃতিকারী পথ রুখে দাঁড়ায়।
তার নাম বাড়ি জিজ্ঞাসা করে বিতর্কে জড়িয়ে পড়েন সেসব দুষ্কৃতিকারীরা। আচমকাই তার উপর চড়াও হয়ে তাকে মারধর শুরু করে। তার কাছ থেকে ছিনিয়ে নেয় সারাদিনে উপার্জন করা ১৪০০ টাকা। শেষ পর্যন্ত সেখান থেকে পালিয়ে নিজের প্রাণ রক্ষা করেন রিকশা চালক দিদার হোসেন। এরই প্রতিবাদে শনিবার আগরতলা শহরে বিক্ষোভ নির্যাতন সংঘটিত করে সিপিআইএম পশ্চিম জেলা কমিটি। সি পি আই এম পক্ষ থেকে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিম আগরতলা থানা ঘেরাও করে তীব্র প্রতিবাদ জানানো হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলার কমিটির সম্পাদক রতন দাস। তিনি জানান দিদার হোসেনের উপর যেভাবে দুর্বৃত্তরা মারধর করেছে সেটা অত্যন্ত নিন্দা জনক ঘটনা।
তার চিৎকারে আশেপাশের লোকজন এসে যদি দিদার হোসেনকে উদ্ধার না করতো তাহলে প্রান সংশয় হতো। তারপর তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায় আশেপাশের লোকজন। পরবর্তী সময়ে থানায় মামলা দায়ের করা হয়েছে দিদার হোসেনের পক্ষ থেকে। পুলিশ যাতে প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেফতার করে এবং আইনের দরজায় নিয়ে গিয়ে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করে। আগামী দিন এমন অপকর্ম করার দুঃসাহস যাতে কেউ না দেখায় সেই উদ্যোগ পুলিশ প্রশাসনকে নিতে হবে। এ কথা জানান সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস। নাহলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে বলে এদিন প্রতিবাদ কর্মসূচি থেকে হুঁশিয়ারি জানান।

