স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ ডিসেম্বর : প্রতিবছরের মত এ বছরও আগরতলা স্থিত প্রান্তিক ক্লাব প্রাঙ্গনে শুরু হল প্রান্তিক উৎসব-২০২৫। বৃহস্পতিবার সকালে প্রদীপ প্রজ্জলন করে প্রান্তিক উৎসবের সুচনা করেন সাংসদ বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই প্রান্তিক উৎসব চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব পূর্বতন সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, কমিউনিস্টরা ত্রিপুরা রাজ্যে ৩৫ বছর শাসন ক্ষমতায় ছিল। তাদের শাসন ক্ষমতায় ত্রিপুরা রাজ্যের সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে।
যার কারনে রাজ্যের যথেষ্ট ক্ষতি হয়েছে। সমগ্র বিশ্বের মধ্যে ভারতের সংস্কৃতি সবচেয়ে বেশি প্রসিদ্ধ। সেটাই ভারতীয়দের শক্তির মূল উৎস। আর সেটার মধ্যে তথাকথিত সেকুলার কমিউনিস্টরা সবচেয়ে বেশি আঘাত করেছে। বিজেপি সরকার প্রতিষ্ঠার পর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে। এতে ত্রিপুরা রাজ্যের মানুষের লাভ হয়েছে। আধ্যাত্মিক পর্যটন সবচেয়ে বেশি রোজগার দিতে পারে বলে জানান সাংসদ বিপ্লব কুমার দেব। উদয়পুর মাতার বাড়ি থেকে ছবিমুড়া পর্যন্ত রোফ ওয়ে নির্মাণ করা হবে। পর্যটকরা মাতার বাড়ি দেখার পর রোফ ওয়ে করে ছবিমুড়া চলে যেতে পারবে।
এতে মানুষের রোজগার বৃদ্ধি পাবে। সব গুলি রোফ ওয়ের কাজ করতে ৫০০ থেকে ৬০০ কোটি টাকা লাগবে। এই টাকার জন্য কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির নিকট দাবি জানানো হয়েছে। সম্পূর্ণ কাজ সম্পন্ন হওয়ার পর ত্রিপুরা মানুষ দেখবে কি ভাবে রোজগার হয়। এই ধরনের দূরদর্শী মানসিকতা কমিউনিস্টদের মধ্যে ছিল না। তারা ত্রিপুরা রাজ্যকে দীর্ঘ দিন শাসন করেছে। কিন্তু ত্রিপুরাকে চিহ্নতে পারে নি। তারা সর্বদা মিছিল মিটিং নিয়ে চিন্তা করত বলে জানান সাংসদ বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন প্রান্তিক উৎসব কমিটির চেয়ারম্যান ডাক্তার প্রদীপ ভৌমিক সহ ক্লাবের কর্মকর্তারা।

