Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যসীমান্তবর্তী এলাকা পরিদর্শনে করলেন রাজ্যপাল

সীমান্তবর্তী এলাকা পরিদর্শনে করলেন রাজ্যপাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ ডিসেম্বর : সীমান্তবর্তী এলাকা পরিদর্শনে গেলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শুক্রবার সকালে বক্সনগর আর.ডি.ব্লকের একাধিক সীমান্তবর্তী গ্রাম, বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র, বিওপি পরিদর্শন করেন তিনি। দিনব্যাপী এই সফরে তিনি প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এলাকার সার্বিক উন্নয়ন, নিরাপত্তা ও নাগরিক পরিষেবা নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন। সফরসূচির শুরুতেই রাজ্যপাল বক্সনগর বিধানসভার দয়ালপাড়া এডিসি ভিলেজ এলাকার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন।

 সেখানে তাঁকে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি রাজ্যের প্রতিটি জেলার সীমান্তবর্তী এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময়ের উপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন।এরই অঙ্গ হিসেবে তিনি এদিন বক্সনগর বিধানসভার সীমান্তবর্তী এলাকা পরিদর্শনে এসেছেন। অনুষ্ঠানে উপস্থিত গ্রামবাসীদের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প, সুযোগ-সুবিধা ও পরিষেবা সম্পর্কে অবহিত করেন। শিশুদের আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, বিদ্যুৎ ও পানীয় জলের সুবিধা পাওয়া নিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখেন। এদিন এলাকার বিধায়ক তফাজ্জল হোসেন বক্সনগর বিধানসভার পক্ষ থেকে রাজ্যপালকে ধন্যবাদ জানান এবং রাজ্যপালকে বক্সনগর বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য আবেদন রাখেন।পরে রাজ্যপাল বক্সনগর বিওপি পরিদর্শন করেন। 

সেখানে তিনি ‘মা কে নাম’ কর্মসূচির আওতায় একটি বৃক্ষরোপণ করেন এবং সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে চা-বিরতিতে অংশ নেন।

 সীমান্ত নিরাপত্তা, নজরদারি ব্যবস্থা ও বিএসএফ-এর কার্যক্রম সম্পর্কে তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।এরপর কলসীমুড়া গ্রাম পঞ্চায়েতের নগর সীমান্ত এলাকায় গিয়ে সীমান্তবর্তী অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। এ সময় এলাকার এক যুবক সীমান্তে বসবাসজনিত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তিনি জানান, সীমান্তের ওপারে প্রায় ৮৪টি পরিবার সহ প্রায় ৫০০ জন মানুষ বসবাস করছেন। কলসীমুড়া সীমান্তের ১৮৫ নম্বর গেট নির্ধারিত সময়ে খোলা না হওয়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আনা-নেওয়ায় সমস্যা হচ্ছে। পাশাপাশি রাতের বেলা কেউ অসুস্থ হলে সময়মতো গেট না খোলার কারণে চিকিৎসা পেতে দেরি হচ্ছে, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটছে বলে অভিযোগ করা হয়। কৃষিকাজে বাধা দেওয়ার অভিযোগও তোলা হয়।এই বিষয়ে রাজ্যপাল জেলা শাসককে দ্রুত সমস্যার সমাধানের নির্দেশ দেন এবং সীমান্তের ওপারে বসবাসরত পরিবারগুলিকে এপারে ঘরবাড়ি নির্মাণ করে পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার কথা বলেন। সফরসূচি অনুযায়ী রাজ্যপাল কমলনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি স্বাস্থ্য পরিষেবার মান, চিকিৎসা পরিকাঠামো ও রোগী পরিষেবা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি এন.সি. নগর বিওপি ও সংলগ্ন সীমান্ত এলাকা পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য