স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ ডিসেম্বর : শান্তিরবাজার আভাঙ্গা পঞ্চায়েতের এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়োগ ঘিরে বিতর্ক। জমির মালিক চাকরি বঞ্চনার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন। জানা যায়, কমলপুর মহকুমা অন্তর্গত ৪৬-নং বিধানসভার শান্তিরবাজার আভাঙ্গা পঞ্চায়েতের ভগবান দাস পাড়ায় পূর্ব কাটালুৎমা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে কেন্দ্রটি পরিচালিত হচ্ছে রতন পাল নামের এক ব্যক্তির জমির উপর।
জানা যায়, রতন পাল বহুবার বিভিন্ন স্তরের নেতৃত্বকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য জমি প্রদান করার বিষয়ে অবহিত করেছিলেন, সেই সুবাদে যাতে ওনার পরিবারের একজনকে চাকরি দেওয়া হয়। অথচ এর মধ্যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে চাকরি পান সুরমা কেন্দ্রের এক নেতার স্ত্রী। এতে ক্ষোভ প্রকাশ করেন তিনি। রতন বাবুর পরিবারের দাবি, দুইবার ইন্টারভিউ দেওয়ার পরও তার পরিবারের কারোর ভাগ্যে চাকরি জোটেনি। অথচ স্থানীয় স্তরের নেতৃত্ব তাঁকে বহুবার আশ্বাস দিয়েছিলেন যে কেন্দ্রের ওয়ার্কার পদে অগ্রাধিকার পাবেন তিনিই। এরমধ্যে যখন আবার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয় তখন প্রতিশ্রুতি ভঙ্গ হয় উনার সঙ্গে। বঞ্চনার শিকার হয়ে জানান, যে জমিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি রয়েছে সেই পরিবারের সদস্য চাকরি না পেয়ে নেতার পরিবারের হাতে চাকরি যাওয়ায় ন্যায়বিচার নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনাকে কেন্দ্র করে এখন দেখার, প্রশাসন কোনও তদন্ত বা পুনর্মূল্যায়নের উদ্যোগ নেয় কি না।

