স্যন্দন ডিজিটেল ডেস্ক 30 নভেম্বর : দেশজুড়ে ফের নাশকতার ছক! দিল্লি পুলিশের জালে তিন সন্দেহভাজন জঙ্গি। ধৃত তিনজন পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সক্রিয় সদস্য বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, ধৃত তিনজনের সঙ্গে আইএসআইয়ের সঙ্গে যুক্ত শাহজাদ ভাট্টির যোগাযোগ ছিল বলেও জানা যাচ্ছে। ইতিমধ্যে ধৃত তিনজনকে দফায় দফায় জেরা করা হচ্ছে। ধৃতদের বড়সড় নাশকতার কোনও পরিকল্পনা ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
দিল্লি বিস্ফোরণের পর থেকে সতর্ক দেশের নিরাপত্তা এজেন্সিগুলি। জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় দিল্লির পুলিশের স্পেশাল সেল। তল্লাশিতে ধৃত তিন সন্দেহভাজন জঙ্গিকে উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং উত্তর প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে।
অন্যদিকে ফরিদাবাদের ‘ডক্টর মডিউল’-এর খোঁজে এবার দেশের রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে তত্ত্বতালাশ শুরু করল দিল্লি পুলিশ। ইতিমধ্যেই হাসপাতালগুলিকে নোটিস পাঠিয়েছে দিল্লি পুলিশ। যেখানে জানতে চাওয়া হয়েছে, তাদের সংস্থায় কর্মরত এমন কোনও ডাক্তার রয়েছেন কি না, যাঁরা পাকিস্তান, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহি ও চিন থেকে ডাক্তারি শিক্ষা নিয়েছেন। দিল্লি পুলিশের সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, যে নোটিস এদিন জারি করা হয়েছে তাতে হাসপাতালগুলিকে দ্রুত এমন ডাক্তারদের সবিস্তার তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত, তাঁদের নাম এবং শিক্ষাগত যোগ্যতার সমস্ত সুনির্দিষ্ট তথ্য জমা দিতে হবে।

