স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ নভেম্বর : শক্তি সংরক্ষণে রাজ্য স্তরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার। এদিন বোধজংনগরে নেপকো কার্যালয়ে হয় এই অনুষ্ঠান। দুটি বিভাগে কচিকাঁচাদের অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের থিম বিদ্যুৎ অপচয় বন্ধ করার উপর অংকন প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পরিষদের মেম্বার সেক্রেটারী বিশু কর্মকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিধায়ক রতন চক্রবর্তী বক্তব্য রেখে বলেন, এ ধরনের অংকের প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের উৎসাহ বাড়াবে। আগামী দিন তাদের হাত ধরে দেশের ভবিষ্যৎ তৈরি হবে।
তিনি বিদ্যুৎ অপচয় নিয়ে এদিনের অনুষ্ঠানে সকলকে সচেতন করেন। সৌর শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ ব্যবহারের দিকে এগিয়ে আসতে আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, ইতিমধ্যে প্রকৃতি আমাদের উপর প্রতিশোধ নেওয়া শুরু করেছে। আমরা প্রকৃতির উপর অনেক অত্যাচার করেছি। আজ শক্তি ভান্ডার ফুরিয়ে আসছে। খনিজ সম্পদ ফুরিয়ে যাচ্ছে। বিকল্প পথ অবলম্বন করতে হবে। বিশেষ করে বিদ্যুৎ বিপদ ঘরের দরজায়। ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি আমরা। তাই এই মুহূর্তে ছাত্র-ছাত্রীদের সচেতনতার মধ্যে দিয়ে উপযোগী সিদ্ধান্ত নিয়েছে নেপকো। এতে ছাত্রছাত্রীরা অনেক বেশি সচেতন হতে হবে। বিধায়ক আরো বলেন, ভারত বর্ষ প্রাচীন ঐতিহ্যের দেশ। এই দেশ লুটপাট হয়েছে। কিন্তু দেশের সংস্কৃতি লুট করতে পারে নি। বিশ্বকে দিশা দেখিয়েছে। তাই ভারত আজ মাথা তুলে দাঁড়িয়ে আছে বলে জানান বিধায়ক। অনুষ্ঠানের শেষে দুটি গ্রুপের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটি পুরস্কার দেওয়ার পাশাপাশি সাতজন করে মোট ১৪ জনকে সান্তনা পুরস্কার দেওয়া হয়। প্রথম পুরস্কার ৫০,০০০ টাকার চেক, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার টাকার চেক এবং তৃতীয় পুরস্কার কুড়ি হাজার টাকার চেক। সান্তনা পুরস্কার হিসেবে সাত হাজার ৫০০ টাকার চেক তুলে দেওয়া হয় কচিকাচাদের হাতে।

