স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ নভেম্বর : মঙ্গলবার আগরতলার রবীন্দ্র শত বার্ষিকী ভবনের সামনে আগরতলা পুর নিগম এলাকার মধ্যে অমৃত ২.০ -এর অধীনে ৪৫ টি ডি.টি.ডব্লিউ.এস আয়রন রিমুভাল প্ল্যান্টের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি আইরন রিমুভাল প্লান্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, বর্তমান সরকার মুখে না শুধু, কাজের মাধ্যমে উন্নয়নের পরিচয় দিতে চায় জনগণকে। সেই দিশা নিয়ে কাজ করে চলেছে।
প্রতিনিয়ত একের পর এক উন্নয়নমূলক কাজ করে চলেছে সরকার। এর মধ্যে অন্যতম হলো ৪৫ টি ডি.টি.ডব্লিউ.এস আয়রন রিমুভাল প্ল্যান্টের উদ্বোধন। এটা একটা উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী আরো বলেন জল বোর্ডের উদ্যোগে ১১২ কোটি টাকা ব্যয় করে এই আয়রন রিমুভাল প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। জল মানুষের মৌলিক চাহিদা। জল ছাড়া মানুষ বাঁচতে পারে না। বর্তমান সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলি প্রতিদিন বাস্তবায়ন করে দেখাচ্ছে।
ফলে মানুষ বর্তমান সরকারের উপর আস্থা রাখছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, সরকার চাইছে দেশের অন্যান্য সুন্দর ও নাগরিক বান্ধব শহরের মতো আগরতলা শহরকে নাগরিক বান্ধব এবং পরিবেশ বান্ধব হিসেবে তৈরি করতে। সেই পরিকল্পনা নিয়ে নগর উন্নয়ন দপ্তর দ্বারা একাধিক উদ্যোগ গ্রহণ করে কাজ শুরু করেছে সরকার। মুখ্যমন্ত্রী আরো বলেন, নিন্দুকেরা রাজ্যের এত উন্নয়ন দেখতে পাচ্ছে না এবং সরকারের বক্তব্য তারা শুনতে পাচ্ছে না। আসলে তারা ইচ্ছে করেই এইগুলি শুনতে চায় না। ২০১৯ সাল থেকে আগরতলা শহরের যেভাবে উন্নয়ন করা হয়েছে সেটা আগে কখনো হয়নি। অথচ, আগরতলা পুর নিগম থেকে শুরু করে সরকারি দপ্তরগুলি আগেও চালিয়েছে তৎকালীন সরকার, কিন্তু এত উন্নয়ন দেখতে পায়নি জনগণ। একথা বলে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন দপ্তরের বিভিন্ন উদ্যোগ ও কাজকর্মের সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সেন্ট্রাল জোনের চেয়ারম্যান, নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, জল বোড মিশনের সিও মিহির কান্তি গোপ সহ অন্যান্যরা।

