স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ নভেম্বর : রাজ্যে ঘটা করে পালন করা হয় সড়ক সুরক্ষা সপ্তাহ। এই সড়ক সুরক্ষা সপ্তাহে ট্রাফিক প্রশাসনকে দেখা যায় অত্যন্ত সক্রিয়ভাবে দুর্ঘটনা সম্পর্কে মানুষকে সচেতন করতে। আর সারা বছর নিয়ম কানুন এক প্রকার ভাবে কেল্লাফতে। বিশেষ করে আইন লাঘু রয়েছে নাবালক কেউ গাড়ি কিংবা বাইক চালাতে পারবে না। যদি তারা গাড়ি কিংবা বাইক চালায় তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ভাবে কড়া পদক্ষেপ নেওয়া হবে। মোটা অংকের জরিমানা সহ নির্ধারিত গাড়ি এবং বাইকের রেজিস্ট্রেশন নির্দিষ্ট সময়ের জন্য বাতিল করা হতে পারে। একই সঙ্গে যারা আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে জুবিনাল কোর্ট দ্বারা ব্যবস্থা নেওয়া হবে।
পাশাপাশি অভিভাবকদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে। এগুলি আইনে থাকলেও কার্যকর করতে ব্যর্থ ট্রাফিক পুলিশ প্রশাসন। যা আবারো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল রবিবার সকালে। এদিন সকালে সাব্রুম – আগরতলা জাতীয় সড়কে হরিনা রোডে বাইক ও টমটমের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুই নাবালক বাইক নিয়ে বেপরোয়া ভাবে এসে ধাক্কা দেয় টমটমকে। দুজনে ঘটনাস্থলে আহত হয়। তাদের মাথায় এবং পায়ে গুরুতর আঘাত লাগে। দুজনের বাড়ি লুধুয়া এডিসি ভিলেজে ১৭ কার্ড এলাকায়। টমটম চালক মিঠুন সরকার জানায় দ্রুত গতিতে এসে টমটমে ধাক্কা দেয়। দুজন নাবালক গুরুতর আহত হয়। আহত দুজনের নাম সৈকত রায় এবং বিক্রম দে।
কর্তব্যরত চিকিৎসক রাকেশ মজুমদার জানিয়েছেন দুজনের মধ্যে একজনের মাথায় সেটি স্ক্যানের প্রয়োজন রয়েছে। তাই একজনকে শান্তির বাজার জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে। তিনি আরো জানান, ঘটনার পর টমটম চালক তাদের সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এখন দেখার সব্রুম থানার পুলিশ এবং ট্রাফিক পুলিশ প্রশাসন হাত-পা ঝাড়া দিয়ে ময়দানে অবতীর্ণ হয় কিনা।

