স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ নভেম্বর : খোয়াই তির জুয়া খেলার মাস্টার মাইন্ডকে আটক করল খোয়াই সুভাষ পার্ক ফাঁড়ির পুলিশ। ধৃত তির জুয়ার মাস্টার মাইন্ডের নাম দুলাল শুক্ল দাস। রবিবার সকাল ১১ টা নাগাদ খোয়াই সুভাষ পার্ক ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে আটক করে দুলাল শুক্ল দাসকে। দীর্ঘ বছর ধরে খোয়াই শহর সহ বিস্তীর্ণ এলাকায় তির জুয়া চালিয়ে আসছে দুলাল শুক্ল দাস।
রবিবার ধৃত দুলাল শুক্ল দাসের কাছ থেকে তীর খেলায় ব্যবহৃত একটি মোবাইল ফোন, তীর খেলার নথি এবং নগদ ১৪ হাজার ৪০০ টাকা উদ্ধার হয়। খোয়াই সুভাষ পার্ক ফাঁড়ির ওসি রঞ্জিত সরকার জানান শনিবার সজল তাতি নামে এক তির জুয়ার এজেন্টকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর দুলাল শুক্ল দাসের নাম জানা যায়। সেই মোতাবেক রবিবার দুলাল শুক্ল দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল, তির খেলার নথি ও নগদ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান তিনি।

