স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ অক্টোবর :দশমী ঘিরে আক্রান্ত ছয়। ঘটনা শুক্রবার সন্ধ্যায় খোয়াই ঘোষ পাড়া এলাকায়। এন পি সি ক্লাবের প্রতিমা নিরঞ্জনের সময় মদমত্ত কয়েকজন যুবক এলাকার এক পরিবারের ছয়জনকে মারাত্মকভাবে জখম করে বলে অভিযোগ। খোয়াই মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা গেছে, এন পি সি ক্লাবের প্রতিমা নিরঞ্জনের জন্য খোয়াই বনকর দশমী ঘাটের উদ্দেশ্যে নিয়ে রওয়ানা হয়েছিল।
তখন ক্লাবের সদস্য কোন এক বিষয়কে কেন্দ্র করে অজিত ঘোষকে মারধর করে। অজিত ঘোষকে মারধর করায় তার ছোট ভাই খবর পেয়ে ছুটে আসে। তারপর অজিত ঘোষের ছোট ভাইকেও মারধর করে বলে অভিযোগ। পরবর্তী সময় শাসক দলীয় নেতা স্থানীয় বুথ সভাপতি নেতৃত্বে ঐদিন সন্ধ্যারাতে অজিত ঘোষের বাড়িতে গিয়ে এলোপাতাড়ি আক্রমণ শুরু করে। তাতে অজিত ঘোষের দুই ভাই, অজিত ঘোষের স্ত্রী, ছোট ভাইয়ের স্ত্রী এবং তাদের মাকে মারধর করে দুর্বৃত্ত বাহিনী। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন।

