স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ অক্টোবর :শান্তিরবাজার মহকুমার কলসি শাল বাগান থেকে উদ্ধার এক ব্যক্তির পচাগলা মৃতদেহ। মৃত ব্যক্তির নাম তুহিলা মগ। বয়স ৩২ বছর। স্থানীয় এক ব্যক্তি জানান তুহিলা মগ প্রায় সময় কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর কয়েকদিন বাদে বাড়িতে ফিরে আসে। মঙ্গলবার তুহিলা মগ শান্তিরবাজার তার দ্বিতীয় বাড়িতে যায়। তারপর সে আর বাড়িতে ফিরে আসে নি। তুহিলা মগের স্ত্রী ভেবেছিলেন সে কোথাও কাজে চলে গেছে। এরই মধ্যে শনিবার সকালে কলসি এলাকার এক ব্যক্তি শাল বাগানের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে শাল বাগানে প্রবেশ করে। তখন সে ব্যক্তি মৃতদেহটি দেখতে পায়।
পরবর্তী সময় মৃতদেহ শনাক্ত করা হয়। খবর দেওয়া হয় পুলিসকে। ঘটনার খবর পেয়ে বাইখোরা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। মৃতদেহে পচন শুরু হয়ে গেছে। তাই ঘটনাস্থলে মৃতদেহের ময়না তদন্ত করা হয়। তারপর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের লোকজনদের হাতে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে তুহিলা মগের মৃত্যু কি ভাবে হয়েছে তা জানা যায় নি। এখন দেখার পুলিশের তদন্তে কি তথ্য বেরিয়ে আসে।
অপরদিকে সোনামুড়া থানার অন্তর্গত শোভাপুর গ্রাম পঞ্চায়েতের সাহাপুর এলাকা থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃতদেহ। এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয় মৃতদেহটি। শনিবার দুপুরে স্থানীয় লোকজন নব নির্মিত ঘরে ঝুলন্ত মৃতদেহটি দেখতে পেয়ে সোনামুড়া থানার পুলিসকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায় নি। সোনামুড়া থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। একই সাথে মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে।

