স্যন্দন ডিজিটাল ডেস্ক, ১০ সেপ্টেম্বর।। গাজা সিটির সব বাসিন্দাকে অবিলম্বে নগরী ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। বড় ধরনের স্থল অভিযান চালানোর আগে এ নির্দেশ দেওয়া হল।
গাজা সিটিতে আছে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি। ইসরায়েলের আরবিভাষী মুখপাত্র তাদেরকে দক্ষিণের দিকে সরে যেতে বলেছেন। তিনি বলেন, “গাজা সিটিতে থেকে যাওয়া খুবই বিপজ্জনক হবে।”
ইসরায়েল সাম্প্রতিক দিনগুলোতে গাজা সিটিতে বিমান হামলা চালিয়ে অনেক বহুতল ভবন ধ্বংস করেছে। এই বিমান হামলাকে হামাসের শেষ গুরুত্বপূর্ণ ঘাঁটি দখলে মূল সেনা অভিযানের ‘কেবল শুরু’ বলে মন্তব্য করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এবার স্থল অভিযান চালানোর আগে গাজা সিটি খালি করতে বিমান থেকে লিফলেট ফেলে এবং সোশাল মিডিয়ায় পোস্ট দিয়ে সেখানকার বাসিন্দাদের বার্তা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী আইডিএফ। এসব বার্তায় বলা হয়, “সব বাসিন্দা এবং গাজা সিটিতে যারা উপস্থিত আছেন, সব এলাকায়- পূর্বের ওল্ড সিটি এবং তুফা এলাকা থেকে শুরু করে পশ্চিমে সাগর এলাকা পর্যন্ত: আইডিএফ হামাসকে পরাজিত করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং গাজা সিটিতে দৃঢ়সংকল্প নিয়ে অভিযান চালাবে, যেমনটি তারা চালিয়ে এসেছে।
“আপনাদের নিরাপত্তার জন্য অবিলম্বে নগরী ছেড়ে চলে যান।” সম্প্রতি কয়েক সপ্তাহে গাজা সিটেতে ইসরায়েলের বিমান ও স্থল হামলা জোরদার হচ্ছে। সোমবার নেতানিয়াহু এক ভিডিওতে বলেন, আগের দুই দিনে গাজা সিটিতে ৫০ টি বহুতল ভবন ধ্বংস করা হয়েছে। তবে এটি ইসরায়েলি সেনাবাহিনীর মূল স্থল অভিযানে যাওয়ার আগে কেবল একটি সূচনা আখ্যা দিয়ে তিনি সেখানকার বাসিন্দাদের বলেছেন, “আমার কথা মন দিয়ে শুনুন। আপনাদেরকে সতর্ক করা হয়েছে। এখান থেকে চলে যান।” ইসরায়েলের নির্দেশের পর মঙ্গলবারেই দলে দলে মানুষকে গাজা সিটি থেকে পায়ে হেঁটে, গাধায় কিংবা গাড়িতে চড়ে দক্ষিণের দিকে সরে যেতে দেখা গেছে ছবিতে।

