স্যন্দন ডিজিটাল ডেস্ক, ৯ সেপ্টেম্বর।। মেক্সিকোর মধ্যাঞ্চলে ডবল-ডেকার যাত্রীবাহী বাসে মালবাহী ট্রেনের ধাক্কায় ১০ জন নিহত ও আরও অন্তত ৬১ জন আহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রাজধানী মেক্সিকো সিটি থেকে ১১৫ কিলোমিটার উত্তরপশ্চিমের শহর আতলাকোমুলকো ও নিকটবর্তী মিচোয়াকান রাজ্যের মারাভাতিও শহরের মধ্যবর্তী মহাসড়কের একটি শিল্প এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ট্রেনের পরিচালনা কোম্পানি জানিয়েছেন, বাসটি দ্রুত গতিতে এগিয়ে আসতে থাকা ট্রেনটির সামনে দিয়ে রেললাইন অতিক্রম করার চেষ্টা করছিল। রয়টার্স জানিয়েছে, চলন্ত ট্রেনের ধাক্কায় বাসটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। রেলওয়ে কোম্পানি নিহত যাত্রীদের প্রতি শোক জানিয়েছে। তারা গাড়িচালকদের রাস্তায় থাকা নির্দেশনা এবং রেলক্রসিংগুলোতে থামার আদেশ মেনে চলার আহ্বান জানিয়েছে।
বাসটির পরিচালনা কোম্পানি এহরাডুরা রয়টার্সের জানানো মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিভাবে সাড়া দেয়নি। ঘটনাস্থল থেকে আসা ছবিগুলোতে দেখা গেছে, বাসটির কাঠামোটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর এর উপরের তলার সামনের অংশটি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।
মেক্সিকো রাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, এ ঘটনায় নিহত ১০ জনের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। অন্যরা হাসপাতাল থেকে দ্রুতই ছাড়া পেয়েছেন।
লাতিন আমেরিকার দেশগুলোতে প্রায়ই প্রাণঘাতী বাস দুর্ঘটনা ঘটে। সর্বশেষ প্রতিবেদনে মেক্সিকো সরকার জানিয়েছে, ২০২৩ সালে দেশটির ফেডারেল হাইওয়েগুলোতে মোট ১২০৯৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে আর তাতে প্রায় ১৯০০ মানুষের মৃত্যু হয়েছে।

