স্যন্দন ডিজিটাল ডেস্ক, ৪ সেপ্টেম্বর।। বলিউডের প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে জাহ্নবী কাপুর। মায়ের পথ ধরে এসেছেন অভিনয়ে। চেষ্টা করছেন বলিউডে থিতু হওয়ার। অনেকটা সফলও হয়েছেন। বর্তমানে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘পরম সুন্দরী’ সিনেমায় অভিনয়ের জন্য আলোচনায় রয়েছেন জাহ্নবী। বরুণ ধাওয়ানের সঙ্গে ‘সানি সংস্কার কি তুলসীকুমারী’ সিনেমার টিজার প্রকাশের মাধ্যমেও তিনি বেশ আলোড়ন তুলেছেন।
নতুন খবর হচ্ছে, জাহ্নবী কাপুর তার মায়ের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন। ভারতীয় গণমাধ্যম বলছে, একজন শীর্ষস্থানীয় প্রযোজক জাহ্নবীকে ‘চালবাজ’-এর অফিসিয়াল রিমেকে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছেন। “জাহ্নবীর জন্য, ‘চালবাজ’ শুধু একটি সিনেমাই নয়, এর চেয়ে অনেক বেশি কিছু। এটি একটি আবেগ। ‘চালবাজ’-এ মুখ্য ভূমিকায় অভিনয়ের সুযোগ তিনি গ্রহণ করেছেন, তবে অত্যন্ত সতর্কতার সঙ্গে এটি করছেন,” একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে। জানা গেছে,
জাহ্নবী শুধু তার মায়ের উত্তরাধিকার থেকে লাভবান হতে চান না। “চালবাজ রিমেকের জন্য তিনি আশপাশের মানুষের মতামত নিচ্ছেন। তিনি কাজটি করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে মায়ের সঙ্গে যে তুলনা হবে, এ নিয়েও তিনি বেশ সতর্ক। চলতি বছরের শেষের দিকে ‘চালবাজ’ রিমেক নিয়ে তিনি সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। সিনেমাটি কে প্রযোজনা করছেন, কিংবা পরিচালক কে, সব তথ্যই আপাতত গোপন রাখা হয়েছে। তবে শ্রীদেবীভক্তরা আবারও তাকে পর্দায় দেখতে পাবেন, মেয়ের শরীরে, চালবাজ রূপে, এটা অনেকটা নিশ্চিত বলা যায়।
এদিকে জাহ্নবী আরও একটি বিষয় নিয়ে আলোচনায় রয়েছেন। সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পরম সুন্দরী’র প্রচারণায় বেশ সময় দিচ্ছেন তিনি। তবে সিনেমার চেয়ে প্রচারণার প্রত্যেকটি অনুষ্ঠানে তার স্টাইলিশ পোশাক নিয়ে উপস্থিতিটাই দর্শক ও আলোকচিত্রীদের মনোযোগ বাড়িয়ে দিচ্ছে।
একটি অনুষ্ঠানে তিনি হাজির হয়েছিলেন স্টাইলিশ কো-অর্ড সেট পরে, সঙ্গে ছিল একটি হার্মিস বার্কিন ব্যাগ, যার দাম ২৫ লাখ টাকা বলে জানা গেছে। আর এ ব্যাগটিই স্পটলাইট কেড়ে নিয়েছিল। আরেকটি অনুষ্ঠানে তিনি একটি ঝলমলে সাদা লেহেঙ্গা, অফ-শোল্ডার চোলি এবং একটি দোপাট্টা পরেছিলেন। গলায় ছিল হীরার নেকলেস, যা লেহেঙ্গাকে আরও উজ্জ্বল করে তুলেছিল।

