স্যন্দন ডিজিটাল ডেস্ক, ১ সেপ্টেম্বর।। চতুর্দশ ওভারে ক্রিজে গিয়ে শুরুতে ছন্দ পেতে কিছুটা ভুগলেন সালমান নিজার। প্রথম ১৩ বলে করতে পারলেন ১৭ রান। এরপর কেরালার এই ব্যাটসম্যান যা করলেন, তা চোখ কপালে তুলল। ইনিংসের শেষ দুই ওভারে তাণ্ডব চালিয়ে বৈধ ১২ বলের মধ্যে ১১টিতেই মারলেন ছক্কা!
কেরালা ক্রিকেট লিগে শনিবার কালিকুট গ্লোবস্টারের হয়ে আদানি ত্রিভানদ্রুম রয়্যালসের বিপক্ষে ব্যাট হাতে এই ঝড় তোলেন সালমান। ২৬ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটসম্যান। তার খুনে ইনিংসটি গড়া ১২ ছক্কায়, চার নেই একটিও।টস হেরে ব্যাটিংয়ে নেমে খুব ভালো শুরু পায়নি কালিকুট। ১৩.১ ওভারে চতুর্থ উইকেট হারায় ৭৬ রানে। এরপর সালমানের ওই বিস্ফোরক ইনিংসের সৌজন্যে ১৮৬ রান পর্যন্ত যেতে পারে দলটি। পরে বোলারদের সম্মিলিত চেষ্টায় প্রতিপক্ষকে ১৭৩ রানে গুটিয়ে ১৩ রানের জয় তুলে নেয় কালিকুট। ১৩ বলে ৮ রান করে সুরেশ সাচিন বিদায় নিলে ক্রিজে যান সালমান। মুখোমুখি ষষ্ঠ বলে আজিথ ভাসুদেভানকে ছক্কায় উড়িয়ে প্রথম বাউন্ডারির দেখা পান তিনি। এরপর যেন ফের খোলসে বন্দি হয়ে যান।
১৮তম ওভার শেষে কালিকুটের রান রখন ৬ উইকেটে ১১৫, আর সালমানের ১৩ বলে ১৭। এরপর যা ঘটল, তা আদানি ত্রিভানদ্রুম রয়্যালসের জন্য দুঃস্বপ্ন।
আইপিএলে ২৫ ম্যাচ খেলা বাসিল থাম্পির ওপর ঝড় বইয়ে দেন সালমান। মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা পেসারের প্রথম পাঁচ বলেই ছক্কায় ওড়ান তিনি। শেষ বলে সিঙ্গেল নিয়ে ধরে রাখেন স্ট্রাইক। শেষ ওভারে আভিজিৎ প্রাভিনের ওপর দিয়েও বয়ে যায় টর্নেডো। প্রথম বল লং-অফ দিয়ে বাউন্ডারির বাইরে উড়িয়ে ফেলে ২০ বলে ফিফটি স্পর্শ করেন সালমান। পরের বলটি হয় ওয়াইড। তৃতীয়টি ছিল ‘নো’ বল, দুই রান নিতে পারেন সালমান। ওভারের শেষ পাঁচ বলে টানা পাঁচটি ছক্কা হাঁকান তিনি। ছয়টি ছক্কার ওভারটি থেকে আসে ৪০ রান। নিজের ইনিংসের শেষ ১৩ বলে ৬৯ রান করেন সালমান। তার বিধ্বংসী ব্যাটিংয়ে শেষ দুই ওভারে ৭১ রান পায় কালিকুট। গত নভেম্বরেও একবার ঝড়ো ব্যাটিং উপহার দিয়েছিলেন সালমান। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে শার্দুল ঠাকুরের ওভারে টানা চার বলে তিনটি ছক্কা ও একটি চার মারেছিলেন তিনি। এখনও আইপিএলে খেলার সৌভাগ্য হয়নি ২৮ বছর বয়সী সালমানের। গত আসরের মাঝপথে ট্রায়ালের জন্য তাকে ডেকেছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেননি তিনি। পরে উর্ভিল প্যাটেলকে নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা। আগামী নিলামে দলগুলোর নজরে নিশ্চিতভাবেই থাকবেন তিনি।

