স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ আগস্ট : শ্রম দপ্তরের কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রাইভেট সিকিউরিটি গার্ডস ইউনিয়ন ও ত্রিপুরা সাফাই কর্মী ইউনিয়ন। বৃহস্পতিবার ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে উভয় সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল শ্রম দপ্তরে গিয়ে শ্রম কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করে। পরে প্রতিনিধি দলের এক সদস্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের দাবি গুলি তুলে ধরেন।
তাদের দাবি গুলির মধ্যে রয়েছে ২০০৫ সালে সংসদে গৃহীত প্রাইভেট সিকিউরিটি এজেন্সি রেগুলেশন এক্টকে কার্যকর করতে প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ গ্রহন করতে হবে। শ্রম আইনকে শক্তিশালী করে শোষন বন্ধের ব্যবস্থা করতে হবে। আইন ভঙ্গকারী নিরাপত্তা এজেন্সি গুলিকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। ৪৫ তম শ্রম সম্মেলনের নির্দেশিকা অনুসারে নিরাপত্তা রক্ষী ও হাউস কিপিং ওয়ার্কারদের দক্ষতা অনুযায়ী নূন্যতম মজুরি নির্ধারন করতে হবে। নুন্যতম মজুরী ২৬,০০০ টাকা করতে হবে। দৈনিক ৮ ঘণ্টা কাজ ও অতিরিক্ত কাজের জন্য দ্বিগুন অতিরিক্ত মজুরী দিতে হবে। এজেন্সির মাধ্যমে নিযুক্ত সকল কর্মীদের ই পি এফ, ই এস আই-এর আওতায় আনতে হবে।
একই সাথে গ্র্যাচুইটি, বোনাস, পার্বনী ছুটি, অসুস্থ কালীন ছুটি সহ অন্যান্য ছুটি দিতে হবে। মাতৃত্বকালীন সুবিধা ও কাজের ক্ষেত্রে দুর্ঘটনা জনিত ক্ষতিপূরন দিতে হবে। এজেন্সী গুলি পরিবর্তন হলেও নিরাপত্তারক্ষী এবং হাউস কিপিং ওয়ার্কারদের কাজ থেকে বাদ দেওয়া যাবেনা। নিরাপত্তা এজেন্সী ও অন্যান্য এজেন্সিগুলিতে নিযুক্ত সমস্ত কর্মীদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দিতে হবে। কর্মক্ষেত্রে কর্মীদের জন্য নূন্যতম সুযোগ সুবিধা যেমন পরিশ্রুত পানীয় জল, বিশ্রামের জায়গা, পরিস্কার পরিচ্ছন্ন শৌচালয়ের ব্যবস্থা রাখতে হবে। সমস্ত নিরাপত্তা কর্মীদের জন্য নিরাপত্তা সামগ্রী, টর্চ লাইট, টুপি, পোষাক ইত্যাদি দিতে হবে। হাউস কিপিং ওয়ার্কারদের জন্যও কাজের প্রয়োজনীয় সামগ্রী ও পোষাক দিতে হবে। পোশাক পরিস্কার রাখার জন্য ভাতা প্রদান করতে হবে।কর্মক্ষেত্রে মহিলা কর্মীদের যৌন হেনস্থা রুখতে অভ্যন্তরীন কমিটি গঠন করতে হবে। পৌর নিগম, পৌর সভা, নগর পঞ্চায়েত ও সরকারী হাসপাতাল গুলিতে কর্মরত অনিয়মিত হাউস কিপিং কর্মীদের নিয়মিত করতে হবে। শ্রমিক বিরোধী ৪ টি শ্রম কোড অবিলম্বে বাতিল করতে হবে।

