স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ আগষ্ট: জিবি হাসপাতালের পরিষেবার মান দিন দিন তলানিতে এসে ঠেকেছে। অথচ সাংবাদিক সম্মেলন করে পরিষেবা নিয়ে গর্ববোধ করেন হাসপাতালের উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। কিন্তু প্রতিদিন জিবি হাসপাতাল থেকে নানা অভিযোগ উঠে আসছে রোগী এবং রোগীর পরিবারের মুখে মুখে। এই অভিযোগগুলি খবরের শির্ষ স্থান দখল করলেও পরিষেবা যে কতটা মুখ থুবড়ে পড়ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

চুরি, ছিনতাই, পকেটমার, রোগীদের বাথরুমে তালা ঝুলিয়ে রাখা, হাসপাতালের বাইরে রোদে বৃষ্টিতে রোগী পড়ে থাকা, রোগীর হাতে আক্রান্ত চিকিৎসক, চিকিৎসক দ্বারা আক্রান্ত রোগীর পরিবার সহ বিভিন্ন ঘটনা জিবি হাসপাতালের ইতিহাসে রয়েছে। এরই মধ্যে শুক্রবার লক্ষ্য করা গেল হাসপাতালের ইমারজেন্সি অর্থাৎ জরুরি বিভাগের বহুতল পাকা ভবনে মুখ থুবড়ে পড়ে আছে লিফট পরিষেবা। এই জরুরী বিভাগের বহুতল পাকা ভবনে রয়েছে স্ত্রী রোগ অপারেশন থিয়েটার। তিন দিন ধরে লিফট পরিষেবা নষ্ট থাকায় রোগীদের টেচার দিয়ে উঠানামা করাতে গিয়ে রোগীর পরিবারকে প্রচন্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে। এভাবেই চলছে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে হাড়ভাঙ্গা পরিষেবা।

