স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১১ সেপ্টেম্বর : পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু, কর্মী নিয়োগ বৃদ্ধি এবং পিএলআই বণ্টনে বৈষম্য দূর করার দাবিতে আগরতলায় সরব হলেন ব্যাঙ্ক কর্মীরা। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে আগরতলার মেলার মাঠে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয়ের সামনে একদিনের প্রতীকী অবস্থান বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)।
দীর্ঘদিন ধরে অমীমাংসিত একাধিক দাবি নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে ব্যাঙ্ক কর্মী ও আধিকারিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।বিক্ষোভ চলাকালীন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের ত্রিপুরা রাজ্য সম্পাদক তথা UFBU ত্রিপুরার কনভেনার সঞ্জয় দত্ত জানান, ব্যাঙ্কিং শিল্পে পাঁচ দিনের কর্মসপ্তাহ চালুর দাবি তাঁদের দীর্ঘদিনের। তাঁর অভিযোগ, ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA) পাঁচ দিনের কর্মসপ্তাহের প্রস্তাবে সম্মতি জানিয়ে সরকারের কাছে বিষয়টি পাঠালেও এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের অনুমোদন মেলেনি। ফলে দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুলে রয়েছে। সঞ্জয় দত্তের দাবি, দেশের বিভিন্ন সরকারি ও আর্থিক প্রতিষ্ঠানে ইতিমধ্যেই পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু হয়েছে। অথচ ব্যাঙ্ক কর্মীদের ক্ষেত্রে এখনও সেই ব্যবস্থা কার্যকর হয়নি। তাঁর অভিযোগ, নির্দিষ্ট কর্মঘণ্টার অভাবে অনেক কর্মীকে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে।
এর
ফলে তাঁদের ব্যক্তিগত জীবন ও কাজের মধ্যে ভারসাম্য নষ্ট হচ্ছে।এদিনের কর্মসূচিতে পিএলআই বণ্টনে বৈষম্যের অভিযোগও সামনে আনা হয়।ইউনিয়নের দাবি, একই শিল্পের কর্মীদের মধ্যে পিএলআই প্রদানের ক্ষেত্রে বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। পাশাপাশি ব্যাঙ্কিং ক্ষেত্রে ক্রমবর্ধমান কর্মী সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। সঞ্জয় দত্তের দাবি, কর্মী সংখ্যা কমলেও ব্যাঙ্কের শাখা ও পরিষেবার পরিধি ক্রমাগত বাড়ছে। ত্রিপুরাতেও একাধিক শাখা অল্প সংখ্যক আধিকারিক দিয়ে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ। ফলে কর্মীদের ওপর কাজের চাপ বাড়ছে এবং পরিষেবা স্বাভাবিক রাখতে পর্যাপ্ত কর্মী নিয়োগ জরুরি। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবিগুলি দ্রুত কার্যকর না হলে আগামী ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর তিন দিনের ধর্মঘটের পথে হাঁটবেন ব্যাঙ্ক কর্মীরা। এরপরও সমস্যার সমাধান না হলে ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ফলে পাঁচ দিনের কর্মসপ্তাহ, কর্মী নিয়োগ এবং পিএলআই বৈষম্যের মতো বিষয়গুলি ঘিরে আগামী দিনে ব্যাঙ্কিং পরিষেবায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান