স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১১ সেপ্টেম্বর :জমি সংক্রান্ত পুরনো বিবাদকে
কেন্দ্র করে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক ৬৬ বছরের বৃদ্ধের উপর দা, লাঠি
ও রড নিয়ে হামলার অভিযোগ উঠেছে তাঁরই নিকট আত্মীয়দের বিরুদ্ধে। শুক্রবারের এই ঘটনায়
চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন লক্ষীনগর ২ নম্বর ওয়ার্ড
এলাকায়। আহত বৃদ্ধের নাম আপ্তার আলী (৬৬)। বর্তমানে তিনি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন
বলে পরিবার সূত্রে জানা গেছে।
পরিবারের অভিযোগ, শুক্রবার ব্যাংক থেকে টাকা তুলে বাড়ির
দিকে ফিরছিলেন আপ্তার আলী। অভিযোগ, সেই সময় পথ আটকে জমি সংক্রান্ত পুরনো বিবাদকে কেন্দ্র
করে তাঁর উপর চড়াও হন কয়েকজন। অভিযুক্তদের মধ্যে লক্ষীনগর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা
আনোয়ার হোসেন, জয়নাল আলী, আব্দুর রহমান ও মইনুদ্দিনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের
বিরুদ্ধে দা, লাঠি ও লোহার রড দিয়ে বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে।
অভিযোগ, আচমকা হামলায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান
আপ্তার আলী। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত কদমতলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে
প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে চিকিৎসকরা তাঁকে ধর্মনগর
জেলা হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
ঘটনার পর আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। আহত বৃদ্ধ
ও তাঁর পরিবারের পক্ষ থেকে ন্যায়বিচারের দাবিতে কদমতলা থানায় লিখিত অভিযোগ দায়ের
করা হয়েছে বলে জানা গেছে।
তবে ঠিক কী কারণে এই হামলার ঘটনা ঘটল, হামলার সময় ঘটনাস্থলে
কারা উপস্থিত ছিলেন এবং অভিযোগে উল্লিখিত অস্ত্র ব্যবহার করা হয়েছিল কি না-এসব প্রশ্নের
উত্তর এখনও স্পষ্ট নয়। জমি সংক্রান্ত বিরোধই হামলার মূল কারণ, নাকি ঘটনার নেপথ্যে
রয়েছে অন্য কোনও বিষয়, তা তদন্তেই পরিষ্কার হবে।
ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে কদমতলা
থানার পুলিশ। এক বৃদ্ধের উপর প্রকাশ্যে এমন হামলার অভিযোগকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই
প্রশ্ন উঠেছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে পুলিশ কত দ্রুত আইনানুগ
ব্যবস্থা গ্রহণ করে।
এখন তদন্তের দিকেই তাকিয়ে আপ্তার আলীর পরিবার।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান