স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ সেপ্টেম্বর : গত ২০ জুলাই রাজ্য পুলিশের সদর কার্যালয়
থেকে উদ্ধার হয় ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃতদেহ। মৃতদেহ উদ্ধারের
পর গত কয়েকদিনে চাঞ্চল্যকর সুইসাইড নোট সামনে এসেছে। বিষয়টি প্রথম বিধানসভা অধিবেশনের
তৃতীয় দিন বিধায়ক সুদীপ রায় বর্মন উত্থাপন করেছিলেন। তারপর অধ্যক্ষ দ্বারা তিনি
বহিষ্কার হয়েছিলেন এইদিনের বিধানসভা থেকে। কিন্তু গত ৩০ আগস্ট রাজ্যে এসেছেন ত্রিপুরা
পুলিশের প্রাক্তন ডিজি অনুরাগের সহধর্মিনী।
তিনি রাজ্যে এসে তদন্তকারী টিমের আধিকারিক তথা পশ্চিম
ত্রিপুরা জেলা পুলিশ সুপার নমিত পাঠকের কাছে সুইসাইড নোটটি তুলে দিয়েছেন বলে সূত্রের
খবর। যতদূর খবর রয়েছে তিন পাতার সুইসাইড নোটে প্রাক্তন ডিজি অনুরাগ উল্লেখ করেছিলেন
ত্রিপুরা পুলিশের এক আধিকারিকের বিষয়ে এবং সহধর্মিনী সম্পর্কে।
সেই আধিকারিকের
বিষয়ে অনেক কিছু লিখে গেছেন নোটে। মারা যাওয়ার সময় সুইসাইড নোটটি হোয়াটসঅ্যাপের
মাধ্যমে তিনি সহধর্মিনী এবং বড় ভাইয়ের রাজ্যে পাঠিয়েছিলেন। তারপর পকেটে মোবাইল ফোনের
পেছনে সুইসাইড নোট রেখেছিলেন। এমনটাই সূত্রের খবর। যদিও বিষয়টি নিয়ে তদন্তকারী টিমের
পক্ষ থেকে কেউ মুখ খুলেননি। ৩১ আগস্ট দিনভর ডিজি অনুরাগের সহধর্মিনীকে জিজ্ঞাসাবাদ
চালিয়েছেন জেলা পুলিশ সুপার। এখন পর্যন্ত এই বিষয়ে রাজ্যের ভারপ্রাপ্ত মহা নির্দেশক
জি এস রাও পর্যন্ত হ্যাঁ বা না কোন কিছুই বলেননি। তবে রাজ্যবাসী চাইছে বিষয়টি নিয়ে
যেন ঘোলা জলে মাছ না ধরা হয়। ঘটনার আসল রহস্য যেন খুব দ্রুত সামনে আসে। যদি কোন আধিকারিক
ঘটনা সঙ্গে জড়িত থাকে তাহলে সেটাও যেন সামনে উঠে আসে। যাইহোক গোটা বিষয়টি এখন তদন্ত
সাপেক্ষ। এদিকে কান পাতলে পুলিশের সদর কার্যালয় থেকে নানা গুঞ্জন উঠছে বলে খবর পাওয়া
যায়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান