স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ সেপ্টেম্বর : টুকটুক উল্টে মর্মান্তিক মৃত্যু হল মাত্র তিন বছরের এক শিশুকন্যার। হৃদয়বিদারক এই দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মনগরের বাসিন্দা রুপন পালের তিন বছরের শিশুকন্যা টুকটুকে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। বুড়োয়া গান্ধী-১ নম্বর বীর সংলগ্ন ত্রিবেণী স্কুলের কাছে আচমকাই টুকটুকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে জানা গেছে।
দুর্ঘটনায় শিশুটি গুরুতর আহত হয়। তার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হলে ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান।
তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
মাত্র তিন বছরের শিশুর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবার। শোকের আবহ নেমে এসেছে গোটা এলাকাজুড়েও। কীভাবে টুকটুকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল এবং দুর্ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান