Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য ত্রিপুরায় নারী সংক্রান্ত অপরাধের পরিসংখ্যান বিধানসভায়, পণ সংক্রান্ত মৃত্যুতে বড় বৃদ্ধি

ত্রিপুরায় নারী সংক্রান্ত অপরাধের পরিসংখ্যান বিধানসভায়, পণ সংক্রান্ত মৃত্যুতে বড় বৃদ্ধি

ত্রিপুরায় নারী সংক্রান্ত অপরাধের পরিসংখ্যান বিধানসভায়, পণ সংক্রান্ত মৃত্যুতে বড় বৃদ্ধি


আগরতলা: গত তিনটি আর্থিক বছরে ত্রিপুরায় নারী সংক্রান্ত বিভিন্ন অপরাধের চিত্র উঠে এল বিধানসভায়। বধূ হত্যা, পণ সংক্রান্ত মৃত্যু, ধর্ষণ এবং গণধর্ষণের বছরভিত্তিক পরিসংখ্যান বিধানসভায় পেশ করেছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর।


ত্রিপুরা বিধানসভায় অ্যাসেম্বলি অ্যাডমিটেড আন-স্টার্ড প্রশ্ন নম্বর ২২-এর উত্তরে এই তথ্য জানানো হয়েছে। বিধায়ক স্বপ্না দেববর্মার প্রশ্নের লিখিত উত্তরে স্বরাষ্ট্র দপ্তরের দেওয়া সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত নারী সংক্রান্ত বিভিন্ন অপরাধের ঘটনায় উল্লেখযোগ্য ওঠানামা দেখা গেছে।


বধূ হত্যার ঘটনা


সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বধূ হত্যার ৯টি ঘটনা নথিভুক্ত হয়। ২০২৪-২৫ অর্থবছরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪টি। পরবর্তী অর্থবছর, অর্থাৎ ২০২৫-২৬ সালে ১১টি বধূ হত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে।


পণ সংক্রান্ত মৃত্যুর পরিসংখ্যানে বড় বৃদ্ধি


পণ সংক্রান্ত মৃত্যুর ক্ষেত্রে পরিসংখ্যানে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। ২০২৩-২৪ অর্থবছরে ২২টি ঘটনা নথিভুক্ত হয়েছিল। ২০২৪-২৫ সালে এই সংখ্যা কিছুটা কমে ১৯টি হলেও ২০২৫-২৬ অর্থবছরে তা এক লাফে বেড়ে ৫৯টি হয়েছে।


ধর্ষণের ঘটনায় ওঠানামা


ধর্ষণের ঘটনাতেও তিন বছরে সংখ্যার ওঠানামা লক্ষ্য করা গেছে। ২০২৩-২৪ অর্থবছরে রাজ্যে ১৩২টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়। ২০২৪-২৫ সালে তা বেড়ে ১৭৯টি হয়। তবে ২০২৫-২৬ অর্থবছরে ধর্ষণের মামলা কিছুটা কমে ১৪৫টি হয়েছে।


গণধর্ষণের ঘটনা


গণধর্ষণের ক্ষেত্রে ২০২৩-২৪ অর্থবছরে ১৩টি ঘটনা নথিভুক্ত হয়েছে। ২০২৪-২৫ সালে এই সংখ্যা কমে ১১টি হয়। ২০২৫-২৬ অর্থবছরেও ১১টি গণধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে বলে বিধানসভায় জানানো হয়েছে।



বিধানসভায় প্রকাশিত এই সরকারি পরিসংখ্যানে বিশেষভাবে নজর কেড়েছে পণ সংক্রান্ত মৃত্যুর সংখ্যা বৃদ্ধি।  রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দেওয়া এই পরিসংখ্যানের মাধ্যমে গত তিন অর্থবছরে ত্রিপুরায় নারী সংক্রান্ত অপরাধের একটি বছরভিত্তিক চিত্র বিধানসভায় প্রকাশ্যে এসেছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha