Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য বিজেপি ও তিপরা মথার মধ্যে ফের উত্তেজনা, মথার বিরুদ্ধে ডেপুটেশন দিতে বাধা দেওয়ার অভিযোগ

বিজেপি ও তিপরা মথার মধ্যে ফের উত্তেজনা, মথার বিরুদ্ধে ডেপুটেশন দিতে বাধা দেওয়ার অভিযোগ

বিজেপি ও তিপরা মথার মধ্যে ফের উত্তেজনা, মথার বিরুদ্ধে ডেপুটেশন দিতে বাধা দেওয়ার অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ জুন : বিজেপি ও তিপরা মথার মধ্যে ফের উত্তেজনা তৈরী হল করবুক ব্লকের পোয়াংবাড়ি ভিলেজ এলাকায়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার সকাল প্রায় ১০ টার নাগাদ তিপরা মথা ও বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। মথার অভিযোগ, পোয়াংবাড়ি এডিসি ভিলেজের বহু বাসিন্দা দীর্ঘদিন ধরে রেগা কাজ সহ বিভিন্ন সরকারি প্রকল্প ও পঞ্চায়েতের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। এই বিষয়গুলির প্রতিবাদ এবং দাবি দাওয়া তুলে ধরতে দলের কর্মী-সমর্থকরা পঞ্চায়েত সচিব ও জিআরএস-এর কাছে একটি ডেপুটেশন জমা দিতে পঞ্চায়েত কার্যালয়ে যান। তখন বিজেপি কর্মীরা তাদের বাধা দেন।

 এতে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। খবর পেয়ে চেলাগাং থানার বিশাল পুলিশ বাহিনী ও টি.এস.আর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে তিনি উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারপর তিপরা মথার প্রতিনিধিরা তাদের দাবি সনদ ওসি বাবুল দাসের হাতে তুলে দেন। ওসি জানান, দাবি সনদ করবুক ব্লকের বিডিও সুব্রজিৎ পলের কাছে পৌঁছে দেওয়া হবে। পরবর্তীতে তিপরা মথার পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে দলের নেতারা দাবি করেন, প্রায় দুই মাস আগেও একই ধরনের ডেপুটেশন জমা দিতে গেলে তাদের বাধার মুখে পড়তে হয়েছিল।

তারা প্রশ্ন তোলেন, কেন বারবার তাদের গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে এবং কেন এলাকার সাধারণ মানুষ সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত? সংবাদ সম্মেলনে পঞ্চায়েত সচিব পরিতোষ দাস, জিআরএস সজল সরকার এবং প্রাক্তন জিআরএস মনোরঞ্জন চাকমার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলা হয়। মথার দাবি, সরকারি কর্মচারীদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা উচিত। পাশাপাশি পঞ্চায়েতের বিভিন্ন কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও উত্থাপন করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha