স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ আগস্ট : রবিবার রোটারি ক্লাব অফ অ্যাম্পায়ারিং আগরতলা, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সহযোগিতায় আগরতলার আদরনি টি এস্টেটে অবস্থিত সিআরপিএফ-এর গ্রুপ সেন্টারে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এইদিন রক্তদান শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন সিআরপিএফ জওয়ানরা সুরক্ষা দেওয়ার পাশাপাশি রক্তদান করছে এইটা বড় বিষয়। মুখ্যমন্ত্রী এইদিন অঙ্গদানের উপর গুরুত্ব দেন। তিনি বলেন একজন সুস্থ মানুষ একটি কিডনি দান করতে পারে।
রাজ্য সরকার বর্তমানে কিডনি প্রতিস্থাপনের বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে। রক্তদানের ক্ষেত্রে জাগরণ তৈরি হয়েছে ত্রিপুরা রাজ্যে। রক্তের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। তার জন্য রাজ্যে রক্ত সঞ্চালন কমিটি গঠন করা হয়েছে। রক্তদান করলে স্বাস্থ্যের পক্ষে ভাল হয়। রক্ত দান করলে রক্তদাতার উপকার হয়। রক্তদানের জন্য সচেতনতা সবচেয়ে বেশি জরুরী বলেও জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এইদিন আরও বলেন রক্তের কোন জাত, ধর্ম নেই। সকলের রক্ত এক। রক্ত সকলকে স্মরণ করিয়ে দেয় সকলে এক। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ অ্যাম্পায়ারিং আগরতলার সভাপতি ডাঃ দামোদর চ্যাটার্জী, সচিব ঝুমুর বণিক সেনগুপ্ত, আইজিপি সিআরপিএফ বিমল কুমার বিস্ত সহ অন্যান্যরা। এইদিনের শিবিরে সিআরপিএফ জওয়ান এবং রোটারিয়ানরা স্বেচ্ছায় রক্তদান করে। এইদিনের রক্তদান শিবিরে রোটারিয়ান সঞ্জীবন দত্ত মৃত্যুর পর আগরতলা সরকারি মেডিকেল কলেজে দেহ দান করার প্রতিশ্রুতি প্রদান করে।

