স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ আগস্ট : জিরানিয়া মহকুমার মাধববাড়ি সরকারি খাদ্য গুদামে মঙ্গলবার থেকে শুরু হল সরকারি ভাবে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়। মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই ধান ক্রয় প্রক্রিয়ার সুচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, খাদ্য দপ্তরের বিশেষ সচিব দেবপ্রিয় বর্ধন, খাদ্য দপ্তরের অধিকর্তা সুমিত লোধ, কৃষি দপ্তরের অধিকর্তা ফনি ভূষণ জমাতিয়া, জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন কুমার দাস, জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ সহ অন্যান্যরা।
এইদিন সরকারি ভাবে ধান ক্রয় প্রক্রিয়ার আনুষ্ঠানিক সুচনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পরে তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন বর্তমান সরকার প্রতিষ্ঠার পর এখনো পর্যন্ত সমগ্র রাজ্য থেকে ২ লক্ষ ২৫ হাজার মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। এতে ১ লক্ষ ১৭ হাজারের উপর কৃষক উপকৃত হয়েছে। ৪৪৬ কোটি টাকা কৃষকরা পেয়েছে। এই মরশুমে ধান ক্রয় করা হচ্ছে প্রতি কেজি ২৩ টাকা মূল্যে। আগে কৃষকরা কৃষি কাজে অনিহা প্রকাশ করত। কারন সরকারি ভাবে ধান ক্রয় করা হতো না। ২০১৮ সালের নির্বাচনের পূর্বে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার প্রতিষ্ঠা হলে সরকারি ভাবে ধান ক্রয় করা হবে। সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রীসভার বৈঠকে সরকারি ভাবে ধান ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাজ্যের পূর্বতন সরকার কৃষকদের সাথে রাজনীতি করেছে বলে অভিযোগ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

