স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ আগস্ট :রাজ্যের কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া নিয়ে চরম ঝামেলা চলছে। সম্প্রতি উত্তপ্ত হয়ে উঠেছে রামঠাকুর কলেজ। কোন এক রাজনৈতিক দলের সমর্থিত বহিরাগতারা কলেজের ছাত্রছাত্রীদের উস্কে দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করেছে। কলেজে শিক্ষক শিক্ষিকারা আতঙ্কিত হয়ে পুলিশকে ফোন করে আনতে বাধ্য হয়। অসুস্থ হয়ে পড়লে শিক্ষিকা। তারপর সম্বিত ফিরেছে শাসক দলের যুব মোর্চার।
তড়িঘড়ি কলেজে ছুটে গিয়ে ডেপুটেশন প্রদান করেন। কিন্তু কলেজের অধ্যক্ষা হতাশ হয়েছেন এই ঘটনায়। এরই মধ্যে সোমবার মহাকরণে রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মনের কাছে যান প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব বলেন যুব মোর্চার পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়েছে। কারণ রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা কলেজগুলিতে ভর্তি হতে গিয়ে টেকনিক্যাল কারণবশত সমস্যায় পড়ছে। এ সমস্যা নিয়ে উচ্চশিক্ষা মন্ত্রীর সাথে সাক্ষাৎ করা হয়।
মন্ত্রী যুব মোর্চার প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করার পর জানান, রাজ্যের কলেজ গুলোর মধ্যে আসন সংখ্যা পর্যাপ্ত পরিমাণে আছে। বর্তমান সরকার স্বচ্ছতার মাধ্যমে মেধা তালিকা দ্বারা কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই দাবি তারা শহরের মধ্যে শুধুমাত্র রাম ঠাকুর কলেজে পড়াশোনা করতে চায়। কিন্তু রাজ্যের অন্যান্য কলেজগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে আসন রয়েছে। প্রত্যেক ছাত্রছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পাবে। ইতিমধ্যে ভর্তি পোর্টাল দুবার খোলা হয়েছে। প্রয়োজনে আবার খোলা হবে। কিন্তু ছাত্রছাত্রীরা যদি ভাবে যে তারা তাদের মন পছন্দের কলেজেই পড়াশোনা করবে তাহলে এটা সরকারের জন্য কিছুটা কষ্টের হবে বলে জানান মন্ত্রী।

