স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ জুলাই:বিহারে ভোটার তালিকা থেকে বাহান্ন লাখ নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। তারা বেআইনি ভোটার বলে দাবি কমিশনের। তারপর বিহার নিয়ে উৎসাহ পেয়ে ত্রিপুরা থেকে দিল্লির উদ্দেশ্যে ছুটে গেলেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মণের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
বুধবার নির্বাচন কমিশনে গিয়ে তাঁরা দেখা করেন আধিকারিকের সাথে। উপস্থিত ছিলেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মণ, প্রাক্তন জঙ্গি নেতা তথা বিধায়ক রঞ্জিত দেববর্মা, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা এবং টিটিএএডিসি -র সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়া। এদিন প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে দাবি জানান, বিহারে যেভাবে বেআইনি ভোটারদের সনাক্ত করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, সেভাবে যেন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এবং বিশেষ করে ত্রিপুরার মধ্যে বেআইনি ভোটার বাদ দেওয়া হয়।
পরবর্তী সময়ে সামাজিক মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন। তিনি বলেন, বাংলাদেশ এবং মায়ানমার থেকে বেআইনিভাবে প্রবেশ করে ভারতবাসী এবং ত্রিপুরাবাসীর নিরাপত্তা ঝুঁকিতে ফেলছে তারা। বেআইনি প্রবেশকারীরা ভারত বিরোধী। তাদের এদেশে কোন জায়গা নেই। তারা ভারতে বসবাস করলে নতুন প্রজন্মের জীবন নষ্ট হবে। বর্তমান প্রজন্মের সুযোগ সুবিধা তারা কেড়ে নেবে। বাংলাদেশে নির্বাচন আসন্ন। নির্বাচনে আওয়ামী লীগ জায়গা পাবে না। তারা চাইবে ভোটের সময় ভারতে এসে নিরাপদে আশ্রয় নেওয়ার। পরবর্তী সময়ে তারা ভুয়ো ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড সহ অন্যান্য নথিপত্র বের করে ভারতবর্ষে থাকতে শুরু করবে। তাই অবিলম্বে তাদের সনাক্ত করা প্রয়োজন নির্বাচন কমিশনকে। বিহারের জন্য নির্বাচন কমিশন যে পদক্ষেপ গ্রহণ করেছে সেটা ত্রিপুরার জন্য গ্রহণ করতে হবে। তিপরা মথার কাছ থেকে লিখিতভাবে এমনটা দাবি উত্থাপন করার পর নির্বাচন কমিশন আশ্বস্ত করেছেন গোটা দেশে বিহারের মতো বেআইনি ভোটারদের সনাক্ত করা হবে। নির্বাচন কমিশনের এই আশ্বাস পেয়ে প্রদ্যোত কিশোর দেববর্মন সন্তোষ্ট। উল্লেখ্য, বেআইনি প্রবেশ নিয়ে গত কয়েক মাস ধরে আন্দোলন করে ঘাম ঝড়াচ্ছেন তিপরা মথার নেতৃত্ব। এখন দেখার বিষয় কবে নাগাদ বিহারের মতো ত্রিপুরার ভোটার তালিকা থেকে বাদ পড়ে ভুয়ো ভোটার।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান