স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ জুন : ২০১৮ সালের ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পরিবহন শ্রমিকদের উপর আঘাত আনার চেষ্টা করেছে। যাতে রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার বেশি দিন স্থায়িত্ব হতে পারে। এই লক্ষ্য নিয়ে বিজেপি সরকারে আসার পর বামপন্থী অফিস হলে একের পর এক বন্ধ করে দেয়। বিভিন্ন দলীয় অফিস জ্বালিয়ে দেয়। রবিবার ভানু ঘোষ স্মৃতি ভবনে ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের নবম সম্মেলনে এ কথা বলেন প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত।
তিনি আরো বলেন, ভারতীয় জনতা পার্টি সরকারের জনসমর্থন দিন দিন কমছে। বিজেপি ২০১৮ সালের নির্বাচনের ভোট থেকে ১১ শতাংশ ভোট এবং আসন কম পেয়েছে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে। অপরদিকে এক বছর বাদে দেশের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সরকারের স্লোগান অনুযায়ী ৪০০ -র গণ্ডি অতিক্রম করা তো দূরের কথা, ২৪০ টি আসনেই থামিয়ে দিয়েছে দেশের জনগণ। তাই দিন দিন ভারতীয় জনতা পার্টি সমর্থন কমছে বলে দাবি করেন প্রাক্তন সাংসদ। আয়োজিত সম্মেলনে এদিন এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব অমল চক্রবর্তী সহ অন্যান্যরা।

