স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ জুন :আমবাসা শান্তিপাড়া এলাকার রাস্তার কাজ বন্ধ করে দিল এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ রাস্তা নির্মাণের কাজ শুরু হলেও অত্যন্ত নিম্নমানের হচ্ছে। দীর্ঘদিন ধরেই এলাকাবাসী বিভিন্ন সমস্যায় জর্জরিত। তারপরও কোন সমস্যা নিয়ে তারা সরকারি দৃষ্টি আকর্ষণ করে নি। অবশেষে রাস্তা নির্মাণের কাজ শুরু হলেও সেই কাজ হচ্ছে অত্যন্ত নিম্নমানের।
পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে থানা পর্যন্ত যে রাস্তাটি রয়েছে তার মধ্যে পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে ধীরেন্দ্র দেববর্মা বাড়ি পর্যন্ত পাথর দিয়ে রাস্তা সংস্কারের কাজ করা হলেও এখন তারা ধীরেন্দ্র দেববর্মা বাড়ি থেকে থানা পর্যন্ত ইটের গুঁড়ো দিয়ে কাজ করতে চাইছে। তাই এলাকাবাসী কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। কারণ ইটের গুঁড়ো দিয়ে কাজ হলে এই রাস্তা দিয়ে কয়েকদিনও চলাচল করা যাবে না।
পুনরায় রাস্তাটি বেহাল দশায় পরিণত হবে। তাই এলাকাবাসীর পক্ষ থেকে রাস্তার কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বলে জানান। পরবর্তী সময় ছুটে আসেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। তারা জানান এলাকাবাসীর দাবি অনুযায়ী রাস্তাটি পাথর দিয়ে করা যায় কিনা সে বিষয়ে কথা বলা হবে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে। তিনি আরো জানিয়েছেন রাস্তায় কাজ ইটের চিপস দিয়ে সম্পূর্ণ করার জন্য টেন্ডার অনুযায়ী অর্থ ধরা হয়েছিল। এলাকাবাসী জানিয়েছেন, যদি রাস্তা নির্মাণের কাজ সঠিকভাবে না হয় তাহলে তারা জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনে নামতে বাধ্য হবে। কোনভাবেই নিম্নমানের কাজ বরদাস্ত করা হবে না সেটাই সাফ জানিয়ে দিলেন এলাকাবাসী।

