স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২ জুন :নেশার ট্যাবলেট বিক্রি করতে গিয়ে পুলিশের জালে আটক হল তিনজন। রাজধানীর হেরিটেজ পার্ক এলাকায় দীর্ঘদিন ধরে নেশার ট্যাবলেট বিক্রি করে আসছিল এই তিন কুখ্যাত নেশা কারবারি। অবশেষে গোপন খবরের ভিত্তিতে রবিবার পুলিশ তাদের আটক করে। রবিবার তারা একটি অটো গাড়ি নিয়ে হেরিটেজ পার্ক এলাকায় এসেছিল নেশা জাতীয় ট্যাবলেট গুলি বিক্রি করার জন্য।
পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল। অবশেষে তাদের জালে তুলতে সফল হয় পুলিশ। তাদের কাছ থেকে আটক হয় ৩৮৪ নেশা জাতীয় ট্যাবলেট। যার কালোবাজারি মূল্য ৪০ হাজার টাকা হবে। ধৃতদের নাম প্রদ্যুৎ দেবনাথ, কিশোর মোদক এবং পরিতোষ বিশ্বাস। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা নিয়েছে এনসিসি থানার পুলিশ। সোমবার এ বিষয়ে জানান মহকুমা পুলিশ আধিকারিক। উল্লেখ্য, এনসিসি থানাধীন হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকা, গোয়ালা বস্তি, শালবাগান, ভোলাগিরি থেকে বড়জলা রোডে প্রতিদিন দুপুর থেকে শুরু হয়ে যায় নেশা কারবারিদের দাপাদাপি। এনসিসি থানার পুলিশ সমস্ত কিছুই জেনে শুনেও তাদের জালে তোলার কোন চেষ্টা করে না। স্থানীয়রা অতিষ্ঠ হয়ে গেছে নেশা কারবারীদের যন্ত্রণায়। তবে এর মধ্যে জনগণের চাপে পড়ে রবিবার তিন অভিযুক্তকে জালে তুলেছে পুলিশ।

