স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ এপ্রিল : নিখোঁজ তরুণী গৃহবধূ জয়ন্তী দেবনাথের মৃতদেহ মিললো রাজধানীর বলদাখাল এলাকার ব্রীজের নিচ থেকে। মৃতদেহটি হাওড়া নদীর জলে ভেসে উঠেছে। নদীতে মাছ শিকার করতে গিয়ে জেলেরা মৃতদেহটি দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে। তারা এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
কুড়ি বছর বয়সী এই তরুণী গৃহবধূর বাড়ি রাজধানীর রেশম বাগান নাথ পাড়ায়। পূর্ব আগরতলা থানার পুলিশ জানায়, রবিবার পূর্ব আগরতলা থানায় একটি মিসিং ডায়েরী হয়েছিল। নাম জয়ন্তী দেবনাথ। স্বামী চন্দন দেবনাথ। সোমবার দুপুরে জেলেরা মাছ ধরতে এসে মৃতদেহটি দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে। পূর্ব আগরতলা থানার পুলিশ এবং বোধজং নগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে চন্দন দেবনাথকে খবর দিলে তিনি এসে মৃতদেহটি সনাক্ত করেন। গৃহবধূর একটি দু বছরের কন্যা সন্তান রয়েছে। মৃতদেহ ময়না তদন্তের পর স্পষ্ট হবে মৃত্যুর কারণ। স্বামীর বক্তব্য, সন্তান হওয়ার পর থেকে জয়ন্তী নার্ভের সমস্যার ভুগছিল। বহুবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাও করানো হয়েছে। রবিবার সকালে জয়ন্তী নার্ভের সমস্যা জর্জরিত হয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। কোনক্রমে বাড়িতে আটকে কাজ করতে গিয়েছিলেন। পরবর্তী সময় তিনি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর শৌচালয়ে যায় জয়ন্তী। তারপর থেকে নিখোঁজ ছিল। অবশেষে মৃতদেহ পাওয়া গেছে নদীর তীরে। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান