স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুলাই : স্বশাসিত জেলা পরিষদের অন্তর্ভুক্ত ভিলেজ কার্যালয়ের কাজকর্মের চরম গাফিলতির অভিযোগ তুলে শুক্রবার মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অধীন দুটি এডিসি ভিলেজ কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। ঘটনা শুক্রবার মুঙ্গিয়াকামি আর.ডি ব্লকের অধীন দক্ষিণ গোকুলনগর এডিসি ভিলেজ এবং মানিক দেববর্মা এডিসি ভিলেজ কার্যালয়ে।
অভিযোগ, দুই এডিসি ভিলেজ কার্যালয়ে আর ও থেকে শুরু করে মৃত্যুর প্রমাণ পত্র সহ বিভিন্ন বিষয়ে গ্রামবাসীরা কোন প্রকারের সহযোগিতাই সঠিকভাবে পাচ্ছে না বলে অভিযোগ। অন্যদিকে, দুই এডিসি ভিলেজ কার্যালয়ের সচিবরাও সঠিকভাবে কার্যালয়ে আসেন না। যাতে করে এডিসি ভিলেজ কার্যালয়গুলি থেকে মানুষজনেরা কোন প্রকারের সুযোগ সুবিধাই পাচ্ছেন না। তাই শুক্রবার দক্ষিণ গোকুলনগর এডিসি ভিলেজ এবং মানিক দেববর্মা এডিসি ভিলেজ কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয়। তাদের দাবি অবিলম্বে পঞ্চায়েত সেক্রেটারিকে বদলি করতে হবে। ফলে দীর্ঘ ঘন্টার পর ঘন্টা তালাবদ্ধ থাকে ভিলেজ কার্যালয়গুলি। পরবর্তীতে ক্ষুব্ধ মানুষজনেরা সম্মিলিতভাবে জড়ো হয় মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকে এবং দফায় দফায় তাদের সমস্যা অতিদ্রুত সমাধানের দাবিতে আলোচনা করেন মুঙ্গিয়াকামি আর.ডি ব্লকের বি.ডি.ও সুশীল কুমার রিয়াং-এর সঙ্গে। পরে বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেন বিডিও।
তারপর পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আসে। অপরদিকে রেগার কাজে দুর্নীতির অভিযোগ এনে পঞ্চায়েত সচিবের বদলির দাবিতে এডিসি ভিলেজ কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ ক্ষুব্ধ গ্রামবাসীদের । ঘটনা শুক্রবার তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অন্তর্গত উত্তর পুলিনপুর এডিসি ভিলেজ কার্যালয়ে। গ্রামবাসীদের অভিযোগ উত্তর পুলিনপুর এডিসি ভিলেজ কার্যালয়ে রেগার কাজে প্রকৃত সুবিধাভোগীদের ব্রাত্য রেখে পঞ্চায়েত সচিব হেমেন্দ্র দেববর্মা নিজের মর্জি মাফিক লোকজনদের নাম রেগার কাজের তালিকায় যুক্ত করে দেয়। আর এতে করেই ক্ষোভে ফেটে পড়েন সুবিধাভোগী সহ গ্রামবাসীরা। পঞ্চায়েত সচিব’কে কক্ষে বন্ধ করেই ভিলেজ কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে শামিল হয় তারা। এই ঘটনার খবর যায় তেলিয়ামুড়া থানায় এবং তেলিয়ামুড়া আর.ডি ব্লকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া আর.ডি ব্লকের এডিশনাল বি.ডি.ও হরিপদ সরকার সহ তেলিয়ামুড়া থানার পুলিশ। গ্রামবাসীদের এই সমস্যা অতিদ্রুত সমাধানের আশ্বাসক্রমে দীর্ঘ প্রায় চার ঘন্টা পর তালামুক্ত হয় উত্তর পুলিনপুর এডিসি ভিলেজ কার্যালয়।

