স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুন : ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের বোর্ড মিটিং-এ পাশ হল প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বেসেডর করার সিদ্ধান্তের। তারপর এটি কেবিনেটে পাস করানো হবে। শনিবার গীতাঞ্জলি রাজ্য অতিথি শালায় ৩৫ তম ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের বোর্ড অব ডাইরেক্টরস- এর বৈঠকে এই কথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।
বৈঠকে মন্ত্রীর সাথে ছিলেন মুখ্য বন সংরক্ষক, পর্যটন, পূর্ত দপ্তরের সচিব ছাড়াও সংশ্লিষ্ট আধিকারিক সহ সদস্যরা। রাজ্যের পর্যটনের আরও উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে। মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, ত্রিপুরার পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছানের জন্য ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বেসেডর করার চিন্তা ভাবনা করা হয়েছে। এই সিদ্ধান্ত মন্ত্রীসভায় পাশ করানোর আগে এদিন বোর্ড-র সভায় পাশ করানো হয়। তিনি জানান, এর পরেই প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে চুক্তি হবে। ত্রিপুরার পর্যটনকে আগামী দিনে কিভাবে বিশের কাছে জনপ্রিয় করে তোলা যায়, পর্যটন স্থানগুলিকে আরও কি করে আকর্ষণীয় করা যায় সে বিষয়ে আলোচনা হয়। সদস্যরা তাদের মতামত দেন।

