স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ডিসেম্বর : মঙ্গলবার রাজধানীর ৭৯ টিলাস্থিত ট্রান্সমিশন অফিসের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এল ডি সি এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ত্রিপুরা ষ্টেট ইলেক্ট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। সাথে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের সচিব ব্রিজেস পাণ্ডে, ত্রিপুরা ষ্টেট ইলেক্ট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর দেবাশিষ সরকার সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বিদ্যুৎ দপ্তরের কর্মীদের প্রশংসা করেন। তিনি বলেন মন্ত্রী হওয়ার পূর্বে বিদ্যুৎ চপলতার জন্য তিনি নিজে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের গালি গালাজ করতেন। কিন্তু মন্ত্রী হওয়ার পর তিনি নিজে দেখতে পারছেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা দিন রাত কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ দপ্তর অনেক কাজ করেছে। অনেক চ্যালেঞ্জ নিয়ে বিদ্যুৎ দপ্তর কাজ করছে। নতুন ৫৫ টি সাব স্টেশন তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বিদ্যুৎ দপ্তরের সচিব ও ত্রিপুরা ষ্টেট ইলেক্ট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর দেবাশিষ সরকারের হাতে এল ডি সি এক্সিলেন্স অ্যাওয়ার্ড তুলে দেন। অনুষ্ঠানে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

