Saturday, October 31, 2026
বাড়ি রাজ্য ধর্মনগর থেকে বিলোনিয়া বিভিন্ন আসনে মনোনয়নপত্র দাখিল করলো সিপিআইএম, আগরতলায় এসইউসিআই

ধর্মনগর থেকে বিলোনিয়া বিভিন্ন আসনে মনোনয়নপত্র দাখিল করলো সিপিআইএম, আগরতলায় এসইউসিআই

ধর্মনগর থেকে বিলোনিয়া বিভিন্ন আসনে মনোনয়নপত্র দাখিল করলো সিপিআইএম, আগরতলায় এসইউসিআই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ অক্টোবর :   মনোনয়নপত্র দাখিলের বরাবরের মতোই এগিয়ে বামেরা। শনিবার থেকে শুরু হয়েছে আসন্ন পৌর নির্বাচনের মনোনয়নপত্র দাখিল। মনোনয়নপত্র দাখিলের শুরুর দিন আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের জন্য রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দিল এস.ইউ.সি.আই মনোনীত প্রার্থী। শুক্রবার রাজ্যের ২১ টি পুর ও নগর সংস্থার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে রাজ্যের নির্বাচন কমিশন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে আগরতলা পুর নিগমের ১ টি আসনের জন্য মনোনয়ন পত্র জমাদিয়ে তাক লাগিয়ে দিল এসইউসিআই।

এইদিন পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডে এসইউসিআই মনোনীত প্রার্থী মিঠুরাণী ভৌমিক রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দেন। সাথে ছিলেন দলের নেতৃত্বরা। দলের নেতৃত্বরা জানান পুর নিগমের ৫ টি আসনে লড়াই করবে এসইউসিআই। তার মধ্যে শনিবার ৩৯ নং ওয়ার্ডের জন্য দলের প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে। পরবর্তী সময় বাকি প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেবে। অন্যদিকে ধর্মনগর পুর পরিষদের ১৯ টি ওয়ার্ডের জন্য মনোনয়ন পত্র জমা দিল বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা। ধর্মনগর পুর পরিষদে মোট ২৫ টি ওয়ার্ড রয়েছে। তার মধ্যে এইদিন ১৯ টি ওয়ার্ডের জন্য মনোনয়ন পত্র জমা দিল বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা।

প্রার্থীরা ধর্মনগর মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে রিটার্নিং অফিসারের হাতে মনোনয়ন পত্র তুলে দেন। প্রার্থীদের সাথে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, জেলা সম্পাদক অভিজিৎ দে, মহকুমা সম্পাদক রতন রায়, যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের বাম বিধায়ক সহ অন্যান্যরা। যুবরাজনগর কেন্দ্রের বাম বিধায়ক জানান ধর্মনগর পুর পরিষদে ২৫ টি ওয়ার্ড রয়েছে। তার মধ্যে এইদিন ১৯ টি ওয়ার্ডের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছে বাম প্রার্থীরা। তিনি আশাবাদী ধর্মনগর পুর পরিষদের বেশকিছু ওয়ার্ডে বাম প্রার্থীরা জয়ী হবে। অপরদিকে বিলোনিয়ায় ১০ ওয়ার্ডে সিপিআইএম প্রার্থীদের মনোনয়ন দাখিল করলেন মনোনয়নপত্র দাখিলের প্রথম দিন শনিবার। - যুবদের উপর ভরসা রাখল দল। বিলোনিয়া পৌর সভার ১৭টি ওয়ার্ডের মধ্যে প্রথম দশটি ওয়ার্ডের মনোনয়ন পত্র দাখিল করেন সিপিআইএম মনোনীত প্রার্থীরা।

 জানা গেছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সিপিআইএম অনেক আগেই প্রার্থী তালিকা চূড়ান্ত করে রেখেছিল। যা দলের নেতৃত্ব ছাড়া কর্মী সমর্থক পর্যন্ত জানতেন না। সেই প্রস্তুতির ফলেই এত দ্রুত মনোনয়ন জমা দিতে শুরু করেছেন তারা। অন্যদিকে শাসক দল বিজেপি এখনও প্রার্থী চূড়ান্ত করে উঠতে পারেনি। বিভিন্ন নগর পঞ্চায়েত ও পৌর সভায় প্রার্থী পদের দাবিদার অনেক। ফলে চূড়ান্ত বাছাই করতে দফায় দফায় বৈঠক করছেন স্থানীয় নেতৃত্ব। কিছু পৌর সভার নাম মেলার মাঠের নেতৃত্বের কাছে জমা পড়লেও, চূড়ান্ত ঘোষণা এখনও বাকি। সূত্রের খবর, আগামী দু'দিনের মধ্যে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। কিছু প্রাক্তন কাউন্সিলরকে রাখা হলেও বেশিরভাগ ক্ষেত্রেই নতুন মুখ, বিশেষ করে যুবক-যুবতীদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানা গেছে। মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিতে যোগ দিয়ে সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক তথা DYFI-র প্রাক্তন রাজ্য সম্পাদক তাপস দত্ত বলেন, নাগরিক স্বাচ্ছন্দ্য ও শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা একেবারে তলানিতে ঠেকেছে শাসক দল পরিচালিত পৌর সংস্থার আমলে। বামফ্রন্ট আমলে তৈরি উন্নয়নমূলক কাজগুলি রক্ষণাবেক্ষণ না করে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। বিলোনিয়া পৌরসভাকে নতুন করে ঢেলে সাজাতে বাম মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করতে আহ্বান জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha