স্যন্দন ডিজিটেল ডেস্ক আগরতলা, ২৭ অক্টোবর: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ২ কেজি ১৪০ গ্রাম সন্দেহভাজন গাঁজা-সহ এক যুবককে গ্রেফতার করল আগরতলা জিআরপিএস থানার পুলিশ। ধৃত যুবকের নাম আনোয়ার হুসেন (২৬)। তিনি অসমের নগাঁও জেলার রূপহি থানা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল আনুমানিক ১০টা নাগাদ আগরতলা জিআরপিএস থানার এসআই পঙ্কজ কুমার দাসের নেতৃত্বে পুলিশকর্মীরা আগরতলা রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালান। স্টেশনের পার্কিং এলাকার সামনে, আরপিএফ পোস্ট ও পে-অ্যান্ড-ইউজ শৌচাগারের মধ্যবর্তী স্থান থেকে সন্দেহভাজন ওই যুবককে আটক করা হয়। তাঁর সঙ্গে থাকা একটি পিঠের ব্যাগ তল্লাশি করে ২ কেজি ১৪০ গ্রাম সন্দেহভাজন গাঁজা উদ্ধার হয়।
উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক এক লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। ঘটনায় মাদকদ্রব্য বাজেয়াপ্ত করার পাশাপাশি আনোয়ার হুসেনকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় আগরতলা জিআরপিএস থানায় ২০২৬ সালের ০৭৪ নম্বর মামলা নথিভুক্ত করা হয়েছে। এনডিপিএস আইন, ১৯৮৫-এর ২০(বি)(ii)(বি)/২৯ ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
রেলস্টেশনকে কেন্দ্র করে মাদক পাচারের বিরুদ্ধে পুলিশের এই অভিযানকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান