স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
৬ অক্টোবর : ভিলেজ কমিটির নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা দিল রাজ্য নির্বাচন দপ্তর। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে চূড়ান্ত ফলাফল প্রসঙ্গে তুলে ধরেন রাজ্যে নির্বাচন কমিশনার প্রদীপ কুমার চক্রবর্তী। তিনি বলেন, ভিলেজ কমিটির নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হয় সোমবার। ৪৪ টি স্থানের ৪৫ টি কাউন্টিং হলে এই ভোট গণনা অনুষ্ঠিত হয়। রিটার্নিং অফিসার ও কাউন্টিং এজেন্টদের উপস্থিতিতে সকাল ৮ টা থেকে ভোট গণনা শুরু হয়।
ভোট
গণনার কাজ বেশিরভাগ কাউন্টিং হলে রাত্রি ১০ টা নাগাদ শেষ হয়ে যায়। ধলাই জেলার মনুর দুইটি কাউন্টিং হলে ভোট গণনার কাজ সম্পন্ন হয় মঙ্গলবার ভোরে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে ভোট গণনা করা হয়। প্রতিটি কাউন্টিং হলে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল। কোথাও কোন কাউন্টিং হলে নিরাপত্তার কোন ঘাটতি দেখা যায় নি। কিছু কিছু জায়গায় স্থানীয় ভাবে কিছু সমস্যা হয়েছে। নির্বাচন কমিশনের হস্তক্ষেপে সেই সমস্যার সমাধান করা হয়। ভিলেজ কমিটি নির্বাচনে মোট ভোট দিয়েছে ৫ লক্ষ ৪০ হাজার ৪৩৬ জন। মোট ভোট পড়েছে ৮১.২৯ শতাংশ। সর্বোচ্চ দক্ষিণ জেলায় ভোট পড়েছে ৮৬.০৮ শতাংশ। সর্বনিম্ন পশ্চিম জেলায় ৭২.৬৪ শতাংশ ভোট পড়েছে। ভোট গণনার পর দেখা যায় তিপ্রা মথা সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে ৪৫৭ ভিলেজ কমিটিতে। তাদের ভোটের হার ৪৬.৭৬ শতাংশ। বিজেপি সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে ৯৪ টি ভিলেজ কমিটিতে। তাদের ভোটের হার ২৮ শতাংশ।
সিপিআইএম সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে ২ টি ভিলেজ কমিটিতে। তাদের ভোটের হার ১২.৯০ শতাংশ। আইপিএফটি সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে ২ টি ভিলেজ কমিটিতে। তাদের ভোটের হার ২.৭৪ শতাংশ। কংগ্রেস কোন ভিলেজ কমিটিতে সংখ্যা গরিষ্ঠতা পায় নি। তাদের ভোটের হার ১.৮৬ শতাংশ। নির্দল প্রার্থীরা সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে ৩১ টি ভিলেজ কমিটিতে। তাদের ভোটের হার ৭.৭৪ শতাংশ। সাংবাদিক সম্মেলনে পিকে চক্রবর্তী আরও জানান ৪ হাজার ৫৯৭ টি আসনের মধ্যে তিপ্রা মথা পেয়েছে ৩ হাজার ৪২৮ টি আসন, বিজেপি পেয়েছে ৮৫৯ টি আসন, নির্দল প্রার্থী পেয়েছে ১৭৩ টি আসন, সিপিআইএম পেয়েছে ৮৭ টি আসন, আইপিএফটি পেয়েছে ৩৩ টি আসন এবং কংগ্রেস পেয়েছে ১৪ টি আসন। তিনটি আসন শূন্য রয়ে গেছে। এই তিনটি আসনের জন্য কেউ মনোনয়ন পত্র জমা দেয় নি। গণনা নিয়ে কোন ধরনের লিখিত অভিযোগ বিরোধী দলের পক্ষ থেকে পায়নি রাজ্য নির্বাচন কমিশন। নিরাপত্তার জন্য রাজ্যে আগামী ৮ অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানান তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান