স্যন্দন ডিজিটাল ডেস্ক ৬ অক্টোবর : ভারতীয় বিমান বাহিনীর নতুন প্রধান হচ্ছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। বর্তমানে তিনি সহকারী বায়ুসেনা প্রধানের দায়িত্বে রয়েছেন। আগামী ৩১ অক্টোবর অবসর নেবেন বর্তমান বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল অমরপ্রীত সিং। তার আগেই বেছে নেওয়া হল তাঁর উত্তরসূরিকে।
দেশের ২৯তম বায়ুসেনা প্রধান হচ্ছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। ১৯৮৬ সালের ডিসেম্বরে তিনি ভারতীয় বিমান বাহিনীতে যোগ দেন। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি, ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তন শিক্ষার্থী আশুতোষ দীক্ষিত। একজন টেস্ট পাইলট এবং ফ্লাইং ইনস্ট্রাক্টর হিসেবে ৩,৫০০ ঘণ্টারও বেশি বিমান চালনার অভিজ্ঞতা রয়েছে এয়ার মার্শাল দীক্ষিতের। তিনি মিরাজ-২০০০ স্কোয়াড্রন, পশ্চিমাঞ্চলের একটি ফাইটার বেস এবং একটি শীর্ষস্থানীয় ফাইটার প্রশিক্ষণ ঘাঁটির নেতৃত্ব দিয়েছেন।
এয়ার মার্শাল অশুতোষ দীক্ষিত ‘ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ’-এ ‘চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ’ (CISC) এবং ‘সেন্ট্রাল এয়ার কমান্ড’-এর ‘এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ’-এর মতো গুরুত্বপূর্ণ পরিচালন ও কৌশলগত পদেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ‘অপারেশন সফেদ সাগর’ ও ‘অপারেশন রক্ষকে’ নেতৃত্ব দেন তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান