স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ সেপ্টেম্বর :সাতচাঁদ দশরথ দেব মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। রবিবার সন্ধ্যায় দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে, বাইক আরোহীরা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশ সূত্রে প্রাথমিকভাবে মৃত তিনজনের পরিচয় পাওয়া গেছে। মৃতরা হলেন মুকেশ ত্রিপুরা, সানি দেওয়ান ত্রিপুরা এবং সঞ্জীব ত্রিপুরা।
জানা
গেছে, সানি দেওয়ান ত্রিপুরা ও সঞ্জীব ত্রিপুরার
বাড়ি গরিফা এলাকায় এবং মুকেশ ত্রিপুরার বাড়ি বৈষ্ণবপুর এলাকায়। অন্যদিকে আহতদের মধ্যে প্রহর ত্রিপুরা নামে একজনের পরিচয় পাওয়া গেছে। আহত আরও দুই তরুণীর পরিচয় এখনও জানা যায়নি। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। কীভাবে দুটি মোটরবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলো, তা নিয়ে তদন্ত
শুরু করেছে পুলিশ। এই মর্মান্তিক দুর্ঘটনার
খবর ছড়িয়ে পড়তেই সাতচাঁদ এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী
হয়ে উঠে কলাছড়া স্বাস্থ্য কেন্দ্রের পরিবেশ। প্রিয়জনকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মৃতদের পরিবারের সদস্যরা। শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান