স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ জুলাই : সুশাসন জামানায় রাজ্যের বিভিন্ন মোটরস্ট্যান্ড গুলিতে মাফিয়া বাহিনী এবং গুন্ডাবাহিনীর উপদ্রব বাড়ছে। রাষ্ট্রবাদীর পরিচয় দিয়ে মানুষ পেটানো যেন তাদের পেশা হয়ে গেছে। এবার ধর্মনগরে অটো ও হাই-স্পিড টমটম চালকদের বিরুদ্ধে গুন্ডামির মারাত্মক অভিযোগ উঠল। সোমবার দিন দুপুরে ধর্মনগর নোয়াপাড়া অটো স্ট্যান্ডে এক ব্যবসায়ীকে নির্মমভাবে মারধরের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আক্রান্ত ব্যবসায়ীর নাম সুবল দেব, তিনি কদমতলার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার দুপুরে ব্যবসায়ী সুবল দেব কদমতলা যাওয়ার উদ্দেশ্যে নোয়াপাড়া অটো স্ট্যান্ডে একটি হাই-স্পিড টমটম চালকের সঙ্গে কথা বলেন। চালক তাকে এবং তার জিনিসপত্র প্রথমে নিয়ে যেতে রাজি হলেও, পরে
ব্যবসায়ির সঙ্গে থাকা সরঞ্জাম গাড়িতে তুলতে অস্বীকার করেন। সুবল বাবুর জন্য অতিরিক্ত ভাড়া দেওয়ার প্রস্তাব দিলেও চালক তা মানতে চায় নি। এই নিয়ে উভয়ের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়। অভিযোগ, মুহূর্তের মধ্যে সেখানে আরও ৪-৫ জন হাই-স্পিড টমটম চালক জড়ো হয়ে সুবল দেবের উপর চড়াও হয় এবং তাকে মারধর করতে শুরু করেন। যা তিনি সামাজিক মাধ্যমে থেকে পোস্টও করেন। যার ফলে এই মার পিটের ভিডিও কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এই হামলায় তিনি গুরুতর জখম হন। খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের গাড়ি দেখতে পেয়েই অভিযুক্ত টমটম চালকেরা এলাকা ছেড়ে চম্পট দেয়। পুলিশ আহত ব্যবসায়ীকে উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ধর্মনগরে কতিপয় হাই-স্পিড টমটম চালকের ঔদ্ধত্য ও দাদাগিরি দিন দিন বেড়ে চলেছে। সাধারণ যাত্রীদের সাথে প্রতিনিয়ত দুর্ব্যবহার, অতিরিক্ত ভাড়া আদায় এবং সিন্ডিকেট রাজের প্রভাব খাটানোর অভিযোগ দীর্ঘদিনের। এদিকে ঘটনার পর আরও একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে। জানা গেছে, অভিযুক্ত কয়েকজন চালক নিজেদের ভারতীয় মজদুর সংঘের সদস্য বলে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব খাটানোর চেষ্টা করেন। আহত ব্যবসায়ীর পরিবার ও স্থানীয় ব্যবসায়িক মহল দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ধর্মনগর থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করার জন্য তল্লাশি শুরু হয়েছে।

