স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ জুলাই ; শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম বোকাফা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে শিক্ষক বদলিকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে সোমবার। বিদ্যালয়ের বাংলা শিক্ষক সুবল দাসের বদলির প্রতিবাদে এদিন ছাত্রছাত্রীরা স্কুলের গেট বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে। অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে পাঠদান করে আসা শিক্ষক সুবল দাসের আকস্মিক বদলির সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এর প্রতিবাদে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে এবং গেট বন্ধ করে অবস্থান বিক্ষোভে সামিল হয়।
বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবি, সুবল দাস বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাই তাঁর বদলির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাঁকে পুনরায় বিদ্যালয়ে রাখার ব্যবস্থা করতে হবে। এক ছাত্রী জানায় তারা শনিবার বিকেল বেলা জানতে পেরেছেন শিক্ষক সুবল দাস বদলি হয়েছেন অন্যথায়। তারপর বিষয়টি বিদ্যালয় পরিচালন কমিটিকে অবগত করা হয়। বিদ্যালয় পরিচালন কমিটি সোমবার বিদ্যালয়ে এসে ছাত্রছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করে তাদের বাইরে রেখে ভেতরে মিটিংয়ে বসেন। সেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সম্পাদিকা স্বপ্না বৈদ্য।
পরবর্তী সময় রাজনৈতিক উস্কানিমূলক কথা বলার পর ছাত্রছাত্রীরা আরও বেশি উত্তেজিত হয়ে ওঠে। শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায় ডি.সি.এম কাকলি সাহা। তিনি ছাত্র-ছাত্রীদের আশ্বস্ত করেন বিষয়টি দেখবে প্রশাসন। তারপরেই বিক্ষোভ প্রত্যাহার করে ছাত্রছাত্রীরা। ছাত্র-ছাত্রীরা জানার তাদের আশ্বস্ত করা হয়েছে শিক্ষক সুবল দাসকে বদলি করা হবে না। তারপর তারা আন্দোলন প্রত্যাহার করে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান