স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জুন :সুশাসন জামানায় আবারও সন্তান বিক্রি করলেন এক দম্পতি। আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিমপাড়া এলাকা থেকে এই চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ সামনে এসেছে।অভাব-অনটনের জেরে নিজের ছোট্ট কন্যা সন্তানকে আসামের এক ব্যক্তির কাছে অর্থের বিনিময়ে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। ইতিমধ্যেই শিশুটিকে উদ্ধার করে সরকারের হেফাজতে নেওয়া হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ, কাঞ্চনমালা মুসলিমপাড়ার বাসিন্দা দিনমজুর সাজাহান মিয়া ওরফে সাজু মিয়া এবং তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটে ছিলেন। পরিবারের তিন কন্যা সন্তানের মধ্যে সবচেয়ে ছোট শিশুকন্যাকে আসামের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানা এলাকার এক ব্যক্তির কাছে অর্থের বিনিময়ে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসন, চাইল্ড প্রোটেকশন কর্তৃপক্ষ এবং আমতলী থানার পুলিশকে বিষয়টি জানান। এরপর পুলিশ শিশুটিকে উদ্ধারের উদ্যোগ নেয়। মঙ্গলবার সকালে শিশুটিকে উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসা হয়।
পরে পশ্চিম ত্রিপুরা জেলা চাইল্ড প্রোটেকশন ইউনিটের একটি দল থানায় পৌঁছে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে সরকারি হেফাজতে নেয়। এদিকে, সাংবাদিকদের প্রশ্নের মুখে শিশুটির মা সন্তান বিক্রির অভিযোগ সরাসরি স্বীকার না করলেও আর্থিক অভাবের কারণে শিশুটিকে আসামের এক ব্যক্তির হাতে তুলে দেওয়ার কথা স্বীকার করেছেন। জেলা চাইল্ড প্রোটেকশন অফিসার জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। বর্তমানে শিশুটি সরকারি সুরক্ষায় রয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত নেবে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। এদিকে, গোটা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হোক। বর্তমানে আমতলী থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্তের পরই স্পষ্ট হবে অভিযোগের প্রকৃত সত্যতা।

