স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ জুন : চড়িলাম বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত মন্ডব কিল্লা হাই স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ প্রধান শিক্ষিকার অটো গাড়ি চালক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের পাঠ দান করেন। অথচ বিদ্যালয়ের যারা শিক্ষক-শিক্ষিকা রয়েছেন তারা নিয়মিত বিদ্যালয়ে আসেন না। আর যেসব শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে আসেন তারাও নির্দিষ্ট সময়ের পর উপস্থিত হন। বিভিন্ন সময় দেখা যায় দুপুরবেলা ছাত্র-ছাত্রীদের দিয়ে স্কুল পরিষ্কার করায় গাড়ি চালক বিপ্লব দাস।
মাঝেমধ্যে দেখা যায় এই গাড়ি চালক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার রুমে ঢুকে চেয়ারে মধ্যে পায়ের উপরে পা রেখে বসে থাকে। স্থানীয়দের আরো অভিযোগ বিদ্যালয়ে সঠিকভাবে মিড ডে মিল খাওয়ানো হয় না ছাত্রছাত্রীদের। সপ্তাহে এক থেকে দুদিন মিড ডে মিল খাওয়ানো হয় ছাত্র-ছাত্রীদের। যার ফলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় ক্লাস চলাকালীন বিদ্যালয় থেকে রাস্তায় বের হয়ে টিফিন কিনে নিয়ে যায়। এমনকি বিদ্যালয়ের দেওয়াল না থাকায় ছোট ছোট ছেলে মেয়েরা খাবার কিনতে দোকানে আসে। এভাবেই চলছে বিদ্যালয়ে শিক্ষার কর্মযজ্ঞ। স্কুল পরিচালন কমিটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে জড়িত থাকায় দিনের পর দিন এ ধরনের অবহেলা বাড়ছে বলে মনে করছে স্থানীয়রা। যার কারণে এই বিদ্যালয়ের থেকে ছাত্রছাত্রীদের অন্যান্য বিদ্যালয়ে নিয়ে যাচ্ছেন অভিভাবকরা। চরম গাফিলতির সম্পর্কে কুম্ভ-নিদ্রায় আছে রাজ্যের শিক্ষা দপ্তর।

