স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ জুন : গভীর রাতে ফরেস্ট গার্ডের ঘর থেকে আটক মহিলা সহ কয়েকজন, ঘটনা তেলিয়ামুড়া পুর পরিষদের ১৫ নং ওয়ার্ডের অন্তর্গত গামাইবাড়ি স্থিত বনদপ্তরের নগরবন পার্কে। শুক্রবার গভীর রাতে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। পার্কের ভেতরে থাকা একটি ঘর থেকে এক ফরেস্ট গার্ড সহ কয়েকজন মহিলাকে আটক করেন স্থানীয় এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, সরকারি এই পার্কের ভেতরে দীর্ঘদিন ধরেই রাতের অন্ধকারে অনৈতিক কর্মকাণ্ড চলছিল।
অভিযোগ উঠেছে, ওই ফরেস্ট গার্ড প্রায়শই পার্কের নির্জন পরিবেশকে কাজে লাগিয়ে মহিলাদের নিয়ে ফস্টিনষ্টিতে লিপ্ত থাকেন। শুক্রবার রাতে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে অভিযান চালিয়ে হাতেনাতে তাদের ধরে ফেলেন বলে দাবি এলাকাবাসীর। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফরেস্ট গার্ডের ঘরটি ছিল সম্পূর্ণ লন্ডভন্ড অবস্থায়। ঘরের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় অসংখ্য মদের বোতল।
সরকারি সম্পত্তির ভেতরে এ ধরনের কার্যকলাপ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে বনদপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছালেও তাদের জনরোষের মুখে পড়তে হয়। পরে ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়। সরকারি জায়গায়, তাও আবার বনদপ্তরের অধীনস্থ একটি নগরবনে এমন অভিযোগের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে দপ্তরের নজরদারি ব্যবস্থা। দীর্ঘদিন ধরে যদি এই ধরনের কর্মকাণ্ড চলতে থাকে, তাহলে সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। এখন দেখার বিষয়, ঘটনার পর বনদপ্তর এবং প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে।

