স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ জুন : মুখ্যমন্ত্রীর আশ্বাস ব্যতীত ২৪ জুন থেকে অনির্দিষ্ট কালের রেল ও জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার নয়। শনিবার রাজ্য পুলিশছর স্পেশাল ব্রাঞ্চের পুলিস সুপারের সাথে দীর্ঘ বৈঠকের পর স্পষ্ট জানিয়ে দিল জে.এ.আর.সি ও জে.এ.সি-র নেতৃত্বরা। এইদিন আত্মসমর্পণকারি বৈরিদের দুইটি সংগঠনের ৮ জন প্রতিনিধি স্পেশাল ব্রাঞ্চের অফিসে গিয়ে স্পেশাল ব্রাঞ্চের পুলিস সুপারের সাথে দীর্ঘ তিন ঘণ্টা ধরে বৈঠক করে। কিন্তু এই বৈঠক থেকে বের হয় নি কোন সমাধান সুত্র। শেষ পর্যন্ত স্পেশাল ব্রাঞ্চের পুলিস সুপার উভয় সংগঠনের প্রতিনিধিদের জানান আগামি দুই এক দিনের মধ্যে তাদের সাথে উচ্চ পর্যায়ের একটি বৈঠক ডাকা হবে।
স্পেশাল ব্রাঞ্চের পুলিস সুপারের সাথে বৈঠক শেষে উভয় সংগঠনের নেতৃত্বরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়ে দেন তাদের দাবি পূরণের বিষয়ে মুখ্যমন্ত্রী কিংবা স্বরাষ্ট্র দপ্তর থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করবে না।এদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাদের সঙ্গে নিয়মিত কথা বলছে রাজ্যে জনজাতি কল্যাণ দপ্তর। সমস্যা হল তাদের মধ্যে একাধিক গ্রুপ রয়েছে। যারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দাবি তুলছে। সকলের সঙ্গে আলোচনা না হলেও তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করছে সরকার। ত্রিপুরায় কালো দিনগুলি যাতে ফিরে না আসে তার জন্য আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীর উদ্দেশ্যে বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন সরকারের কাজের জন্য সহানুভূতি রয়েছে। আলোচনার মাধ্যমে তাদের দাবিদাওয়া মেটানোর জন্য সরকার বদ্ধ পরিকর।

