স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জুন : শুক্রবার গুর্খাবস্তি স্থিত মৎস্য দপ্তরের অফিসে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস। বৈঠকে মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের সচিব দিপা ডি নায়ার, দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। বৈঠকে দপ্তরের বিগত দিনের কাজকর্ম নিয়ে পর্যালোচনা করার পাশাপাশি আগামিদিনের কাজের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এক সাক্ষাৎকারে মন্ত্রী সুধাংশু দাস জানান ২০২৫-২৬ অর্থবছরে মৎস্য দপ্তরকে যে বাজেট বরাদ্দ করা হয়েছিল, তা কতটা বাস্তবায়িত করা গেছে তা নিয়ে আলোচনা করা হয়েছে। ২০২৬-২৭ অর্থ বছরে মৎস্য দপ্তরের প্রথম পর্যালোচনা বৈঠক করা হয়েছে এইদিন। তারপর জেলা স্তরের পর্যালোচনা বৈঠক করা হবে।
মৎস্য উৎপাদনে যে ঘাটতি রয়েছে তা কতটা পূরণ করা গেছে তা নিয়েও এইদিন আলোচনা করা হয়েছে। তিনি আরো বলেন, রাজ্যে দিন দিন মাছের উৎপাদন বাড়ছে। ২০২৪ সালে উৎপাদন ছিল ৮৫ হাজার মেট্রিক টন। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজার মেট্রিক টনের অধিক। সরকারি সুযোগ-সুবিধা সঠিকভাবে বাস্তবায়ন করে কিভাবে মৎস্য চাষীদের উপকৃত করা যায় এবং মাছের উৎপাদন বাড়ানো যায় সেদিকেই গুরুত্ব দিচ্ছে সরকার।

