স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জুন : গাঁজা পাচার মামলায় দোষী সাব্যস্ত করে অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ড দিল উত্তর জেলা ও দায়রা আদালত। জানা যায়, ত্রিপুরা থেকে আসামে বিপুল পরিমাণ গাঁজা পাচারের অভিযোগে সিজারুল এসকে নামের এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে উওর জেলা ও দায়রা আদালত। একই সাথে তাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে আরও ২ মাসের জেলের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনা ২০২২ সালের ১৫ নভেম্বর চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে পুলিশ কর্মীরা নিয়মিত গাড়ি তল্লাশি করার সময় ত্রিপুরা থেকে আসামগামী WB 59 B 3256 নম্বরের একটি ১২ চাকার লরি আটক করা হয়। গাড়িতে ফুলশাদ এসকে এবং সিজারুল এসকে নামের দুই ব্যক্তি ছিলেন। তাদের বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়লে চালক ফুলশাদ এসকে গাড়িতে নিষিদ্ধ সামগ্রী থাকার কথা স্বীকার করেন। এরপর গাড়িতে তল্লাশি চালানো হয়। চালকের আসনের নিচ থেকে ৩৫ টি বান্ডিল এবং গাড়ির ছাদ থেকে আরও ৪৯ টি বান্ডিল সহ মোট ৮৪ টি বান্ডিল গাঁজা উদ্ধার করা হয়, যার মোট ওজন ছিল ৫৬০ কেজি ৬০০ গ্রাম। এই ঘটনার প্রেক্ষিতে চুরাইবাড়ি থানায় এনডিপিএস আইনের অধীনে মামলা নথিভুক্ত করা হয়। শুক্রবার মামলাটি স্পেশাল এনডিপিস কোর্টে শুনানির জন্য উঠলে অভিযুক্ত সিজারুল এসকে-কে দোষী সাব্যস্ত করে এই সাজা ঘোষণা করেন। মামলার অপর অভিযুক্ত ফুলশাদ এসকে জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানান, সরকার পক্ষের আইনজীবী পার্থ পাল।

