স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ জুন : কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম সংকটের মুখে পড়েছেন এলাকার কৃষক ও সাধারণ মানুষ। কৃষি নির্ভর এই অঞ্চলের শত শত একর জমি বর্তমানে জলমগ্ন হয়ে পড়েছে, যার ফলে চাষাবাদ ব্যাহত হচ্ছে এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বহু কৃষক পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার জল জীবন মিশন প্রকল্পের অধীন স্থাপিত একাধিক ওয়াটার পাম্প থেকে প্রতিনিয়ত বিপুল পরিমাণ জল বের হয়ে আশপাশের কৃষিজমিতে গিয়ে জমা হচ্ছে। অভিযোগ, পাম্প থেকে নির্গত এই জল নিয়মিতভাবে বন্ধ করা হয় না।
অতিরিক্ত জল নিষ্কাশনের জন্য কোনো ড্রেনের ব্যবস্থাও গড়ে তোলা হয়নি। ফলে বছরের পর বছর ধরে জল জমে থেকে বিস্তীর্ণ এলাকাকে জলাবদ্ধ করে রেখেছে। এদিকে বর্ষাকাল শুরু হওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। পাম্পের জল এবং বৃষ্টির জল একসঙ্গে জমে কৃষিজমিগুলো কার্যত ছোট ছোট জলাশয়ে পরিণত হয়েছে। অনেক জমিতে ধান ও অন্যান্য মৌসুমি ফসলের চাষ অসম্ভব হয়ে পড়েছে। কৃষকদের অভিযোগ, জলাবদ্ধতার কারণে জমির উর্বরতা নষ্ট হচ্ছে, ফসলের উৎপাদন কমে যাচ্ছে এবং কৃষিকাজের প্রতি আগ্রহ হারাচ্ছেন অনেকেই। এলাকাবাসীরা আরো জানান, সমস্যার সমাধানের দাবিতে তারা বহুবার কমলপুর মহকুমা শাসক, ধলাই জেলার জেলা শাসকসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন। বিভিন্ন সময়ে প্রশাসনের প্রতিনিধিদের বিষয়টি অবহিত করা হলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান বা কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তাদের। স্থানীয় প্রবীণ বাসিন্দাদের মতে, জল জীবন মিশন প্রকল্প মানুষের পানীয় জলের সুবিধার জন্য চালু করা হলেও সঠিক পরিকল্পনার অভাবে সেই প্রকল্পই আজ এলাকার কৃষকদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।
তারা মনে করছেন, দ্রুত জল নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ, পাম্প থেকে নির্গত অতিরিক্ত জল নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট এলাকার পরিকাঠামোগত উন্নয়ন না করা হলে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বর্তমানে মাথায় হাত দক্ষিণ মানিক ভান্ডারের কৃষক ও সাধারণ মানুষের। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং স্থায়ী সমাধানের আশায় দিন গুনছেন তারা।

