স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ জুন : সিধাই থানাধীন হেজামারা বালুয়াছড়া এলাকায় জুমের জমির বিবাদ ঘিরে গুলি চালায় দুষ্কৃতিকারীরা। নিরাপত্তার দাবিতে থানার দারস্থ হলো গোটা এলাকাবাসী। ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, এলাকার মৃত সম্প্রাই দেববর্মার দখলে থাকা ১৫ কানি জুমের জমি জবরদখল করার চেষ্টা করেন স্থানীয় শঙ্কর, রবি, সুনীল দেববর্মা।
কিন্তু গত ১৩ জুন বালুয়াছড়া এলাকার মানুষ একাধিকবার এই জমি বিবাদ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করলে শঙ্কর, রবি বালুয়াছড়া এলাকার মানুষকে মারধর করে। সোমবার ঘটনা ভয়ঙ্কর রূপ নেয়। রাতেরবেলা এলাকায় গিয়ে গুলি চালায় শঙ্কর দেববর্মা। এর প্রতিবাদে বালুয়াছড়া এলাকার জনগণ শঙ্কর, রবি, সুনীল, স্বপন দেববর্মা সহ ৬ জনের বিরুদ্ধে সিধাই থানা মামলা করেন। পাশাপাশি অভিযুক্তদের শাস্তির দাবি জানান। কারণ এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছে।

